বাংলাদেশের হৃদয়ে তুমি চিরদিন বেঁচে থাকবে

শনিবার (২০ ডিসেম্বর) জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। জানাজায় উপস্থিত হয়ে তিনি আবেগঘন কণ্ঠে বলেন, প্রিয় ওসামান হাদি, তোমাকে বিদায় দিতে আসতে পারিনি। তুমি আমাদের বুকের মধ্যে চিরকাল বেঁচে থাকবে। বাংলাদেশ যতদিন আছে, তুমি সব বাংলাদেশির হৃদয়ে আছো।
ড. ইউনূস আরও বলেন, লাখ লাখ মানুষ আজ এখানে হাজির। পথে ঢেউয়ের মতো জনসমাগম। সারা দেশে কোটি কোটি মানুষ এই মুহূর্তের অপেক্ষায় ছিল। এমনকি বিদেশের মানুষরাও হাদির সম্পর্কে জানতে আগ্রহী।
তিনি হাদির মানবপ্রেম, রাজনৈতিক দৃষ্টিভঙ্গি ও মানুষের সঙ্গে তার সাদাসিধে সম্পর্কের প্রশংসা করে বলেন, তোমার দেওয়া মন্ত্র চিরদিন আমাদের কানে বাজবে। বল ‘বীর চির উন্নত মম শির’—আমাদের শির কখনো নত হবে না। আমরা সব কাজে সেই শিক্ষা অনুসরণ করবো।
ড. ইউনূস আরও বলেন, হাদি নির্বাচনে অংশগ্রহণ করতে চেয়েছিলেন এবং কীভাবে প্রার্থী প্রচারণা চালাতে হয়, জনগণের সঙ্গে কিভাবে যোগাযোগ রাখতে হয়—এই শিক্ষা তিনি সকলের জন্য রেখে গেছেন। তিনি আশ্বাস দেন, হাদির আদর্শ ও শিক্ষা যুগ যুগ ধরে দেশের মানুষের মধ্যে বেঁচে থাকবে।
শেষে প্রধান উপদেষ্টা জাতির কাছে হাদির শিক্ষাকে বাস্তবায়ন করার এবং তার মনোভাব অনুসরণ করার অঙ্গীকার ব্যক্ত করেন। তিনি বলেন, তোমাকে আল্লাহর হাতে তুলে দিলাম। আমরা সব সময় তোমার কথা স্মরণ করবো এবং জাতির অগ্রগতির পথে এগিয়ে যাব।