শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ আটক ৫ 

ব্রাহ্মণবাড়িয়ায় সাড়ে ১০ কেজি গাঁজাসহ আটক ৫ 
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের পৃথক দুটি অভিযানে ১০ কেজি ৫০০ গ্রাম গাঁজা ও একটি মোটরসাইকেলসহ ৫ মাদক কারবারিকে আটক করা হয়েছে।

বুধবার জেলার সদর থানা এলাকার সুলতানপুর ও কোড্ডা এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

ডিবি পুলিশ সূত্রে জানা যায়, বুধবার সকাল ৮টা ৫০ মিনিটের দিকে গোপন সংবাদের ভিত্তিতে সদর থানার সুলতানপুর এলাকায় অভিযান পরিচালনা করে ডিবির একটি অভিযানিক দল। এ সময় সন্দেহভাজন একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালানো হয়। তল্লাশিতে ৬ কেজি ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয় এবং ঘটনাস্থল থেকে তিন মাদক কারবারিকে আটক করা হয়। জব্দ করা হয় মাদক পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি।

অন্যদিকে, একই দিন দুপুর ১২টা ১০ মিনিটের দিকে সদর থানার কোড্ডা এলাকায় অপর একটি অভিযানে ৪ কেজি গাঁজাসহ আরও দুই মাদক কারবারিকে আটক করে পুলিশ।

আটককৃতরা হলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার কালিপুর এলাকার মৃত হাছেন আলীর ছেলে মাহবুব (২১), আলী আকবরের ছেলে কাইয়ুম (২২) এবং মৃত তাজুল ইসলামের ছেলে ইমন (২৪)। এছাড়া অপর দুইজন হলেন ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার বগাবাড়ী এলাকার হেলাল মিয়ার ছেলে মো. রাজু মিয়া (২৭) এবং ইউনুস মিয়ার ছেলে স্বপন মিয়া (২১)।

পুলিশ জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য উপস্থিত সাক্ষীদের সামনে বিধি মোতাবেক জব্দ করা হয়েছে। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলা দায়ের করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন