রামগঞ্জে ইসলামী আন্দোলন ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ

লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় একটি বেসরকারি টেলিভিশনের নির্বাচনী অনুষ্ঠান চলাকালে প্রশ্ন করাকে কেন্দ্র করে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হয়েছেন।
বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) দুপুরে রামগঞ্জ সরকারি কলেজ মাঠে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, রামগঞ্জ সরকারি কলেজ মাঠে একটি বেসরকারি টেলিভিশন চ্যানেলের নির্বাচনী অনুষ্ঠানের শ্যুটিং চলছিল। অনুষ্ঠানের নির্ধারিত নিয়ম অনুযায়ী ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী জহির পাটওয়ারীকে বিএনপির এক সমর্থক প্রশ্ন করেন। এ সময় ইসলামী আন্দোলনের এক সমর্থক ক্ষুব্ধ হয়ে প্রশ্নকারী ব্যক্তির দিকে জুতা প্রদর্শন করেন। বিষয়টি তাৎক্ষণিকভাবে উত্তেজনার সৃষ্টি করলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে হাতাহাতি ও ধাক্কাধাক্কি শুরু হয়, যা পরে সংঘর্ষে রূপ নেয়।
সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৮ জন আহত হন। আহতদের মধ্যে কয়েকজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে বলে জানা গেছে।
রামগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, “ইসলামী আন্দোলনের প্রার্থী জহির পাটওয়ারীকে প্রশ্ন করাকে কেন্দ্র করে একজন সমর্থক জুতা প্রদর্শন করলে উত্তেজনা সৃষ্টি হয়। এ নিয়ে সামান্য হাতাহাতির ঘটনা ঘটেছে। বড় ধরনের কোনো সংঘর্ষ হয়নি। বর্তমানে পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে।”
ঘটনার পর পুলিশ কলেজ মাঠে অতিরিক্ত নজরদারি বাড়িয়েছে এবং পরিস্থিতি স্বাভাবিক রাখতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।