ভোটের প্রস্তুতি সম্পূর্ণ, আইনশৃঙ্খলা বাহিনী প্রস্তুত: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন জানিয়েছেন, আগামী নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে।
তিনি সোমবার (১৫ ডিসেম্বর) রাজধানীর গুলশানে ইউথ ভোটার অনুষ্ঠানে অংশ নিয়ে এই মন্তব্য করেন।
নাসির উদ্দীন বলেন, তরুণরা নিজেরা ভোট দেবেন এবং অন্যদের ভোট দিতে উৎসাহ দেবেন। তরুণরা সাহসের প্রতীক এবং সৃষ্টির প্রতীক। তিনি বলেন, "আপনাদের ছাড়া দেশ গড়া সম্ভব নয়। আগামী নির্বাচন হবে সুষ্ঠু, সুন্দর এবং স্বচ্ছ। আপনাদের নিয়েই হবে এবারের ভোট।"
সিইসি আরও বলেন, তরুণরা ৬৯, ৭০, ৭১, ৯০ ও ২৪ সালের আন্দোলনে সাহস ও সৃষ্টির প্রতীক হিসেবে নিজেদের পরিচিত করেছে। তরুণদের সৃষ্টিশীলতা, জ্ঞানভিত্তিক ধারণা এবং শক্তি ছাড়া দেশের উন্নয়ন সম্ভব নয়।
প্রধান নির্বাচন কমিশনার সাংবাদিকদের উদ্দেশে বলেন, এই নির্বাচন হবে ঐতিহাসিক। কেন? কারণ এবার পোস্টাল ব্যালটের মাধ্যমে প্রবাসীরাও ভোট দিতে পারবেন, যা গত ৫৪ বছরে হয়নি। এছাড়া নির্বাচনের কাজে যুক্ত ব্যক্তিরাও এবার ভোট দিতে পারবেন। কারাবন্দি ও সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও এবার ভোটের অধিকার পাবেন। নির্বাচন সুষ্ঠু ও গণভোটের আওতায় সম্পন্ন হবে।
তিনি বলেন, নির্বাচনে কোনো শঙ্কা নেই। নির্বাচন ইনশাল্লাহ সঠিক সময়ে এবং সঠিকভাবে অনুষ্ঠিত হবে। আইনশৃঙ্খলা বাহিনী নির্বাচনের পূর্ব প্রস্তুতিতে রয়েছে এবং যেকোনো পরিস্থিতি মোকাবিলা করতে সক্ষম।
সিইসি এও উল্লেখ করেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির ওপর হামলা একটি বিচ্ছিন্ন ঘটনা এবং নির্বাচনে এর কোনো প্রভাব পড়বে না। তিনি দেশের বর্তমান পরিস্থিতি ২০২৪ সালের তুলনায় অনেক ভালো বলে মন্তব্য করেন।
নাসির উদ্দীন বলেন, "তখন মানুষ ঘুমাতে পারতো না, এখন মানুষ শান্তিতে ঘুমাতে পারছে।"