ওসমান হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় মামলা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী শরিফ ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টার ঘটনায় রাজধানীর পল্টন থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।
সোমবার (১৫ ডিসেম্বর) ভোর ৫টা ২০ মিনিটে বিষয়টি নিশ্চিত করেন পল্টন থানার ডিউটি অফিসার উপ-সহকারী পরিদর্শক (এএসআই) রকিবুল হাসান। তিনি জানান, হাদির ওপর সশস্ত্র হামলার ঘটনায় একটি মামলা নথিভুক্ত হয়েছে।
মামলার বাদী সম্পর্কে জানতে চাইলে তিনি বলেন, হাদির এক আত্মীয় মামলাটি দায়ের করেছেন। তবে মামলাটি সেনসিটিভ হওয়ায় বাদীর নাম ও মামলার নম্বর প্রকাশ করা হয়নি। মামলাটি তদন্ত করছেন পল্টন থানার পরিদর্শক (অপারেশন) ইয়াসিন মিয়া।
এ ঘটনায় এখন পর্যন্ত ছয়জন সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী। গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন হামলায় ব্যবহৃত মোটরসাইকেলের মালিক, সীমান্ত দিয়ে মানুষ পাচারকারী চক্রের দুই সদস্য এবং সন্দেহভাজন ফয়সাল করিমের স্ত্রী, শ্যালক ও অপর এক নারী।
শরিফ ওসমান হাদি জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম সংগঠক এবং অভ্যুত্থান-অনুপ্রাণিত সাংস্কৃতিক ও রাজনৈতিক আন্দোলন ‘ইনকিলাব মঞ্চ’-এর মুখপাত্র। তিনি ঢাকার ইনকিলাব কালচারাল সেন্টারের প্রতিষ্ঠাতা। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসন থেকে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়ে তিনি নিয়মিত গণসংযোগ করে আসছিলেন।
গত ১২ ডিসেম্বর (শুক্রবার) জুমার নামাজের পর রাজধানীর পুরানা পল্টনের বক্স-কালভার্ট রোডে এ হামলার ঘটনা ঘটে। মোটরসাইকেলে আসা দুই আততায়ীর একজন চলন্ত রিকশায় থাকা হাদির মাথায় গুলি করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি হাসপাতালের আইসিইউতে চিকিৎসাধীন এবং তার অবস্থা সংকটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা।
চিকিৎসকদের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য সোমবার দুপুরে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে সিঙ্গাপুরে নেওয়ার প্রস্তুতি নেওয়া হয়েছে।
পুলিশ জানিয়েছে, হামলায় জড়িত দুই আততায়ীর একজন হিসেবে ফয়সাল করিমকে সন্দেহভাজন হিসেবে চিহ্নিত করা হয়েছে। বিভিন্ন সূত্রে জানা গেছে, তিনি সম্প্রতি ওসমান হাদির নির্বাচনী প্রচারণায় যুক্ত ছিলেন। পুলিশের পক্ষ থেকে তার বিষয়ে তথ্য দিতে নাগরিকদের সহযোগিতা চাওয়া হয়েছে। ফয়সাল করিম নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের মোহাম্মদপুর এলাকার নেতা ছিলেন বলেও জানা গেছে।