সুদানের হামলায় বাংলাদেশি সেনাদের হতাহত, তারেক রহমানের শ্রদ্ধা ও শোক

সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের একটি ঘাঁটিতে সন্ত্রাসীদের হামলায় বাংলাদেশের শান্তিরক্ষীরা হতাহত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
শনিবার (১৩ ডিসেম্বর) রাত পৌনে ১২টায় তার ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া পোস্টে তিনি বলেন, ‘সুদানের আবেই এলাকায় জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীগোষ্ঠীর বর্বর হামলায় আমাদের ৬ জন বীর শান্তিরক্ষীর শাহাদাত এবং ৩ জন নারী সেনাসদস্যসহ আরও ৮ জনের আহত হওয়ার সংবাদে আমি গভীরভাবে মর্মাহত ও শোকাহত।’
তারেক রহমান আরও লিখেছেন, ‘জাতিসংঘের পতাকার তলে বিশ্বশান্তি রক্ষার মহান দায়িত্ব পালন করতে গিয়ে জীবন উৎসর্গকারী এই বীর সেনারা জাতির গর্ব। তাদের আত্মত্যাগ চিরস্মরণীয় থাকবে। আমি নিহত শান্তিরক্ষীদের রুহের মাগফেরাত কামনা করছি এবং তাদের শোকসন্তপ্ত পরিবার-পরিজনের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’
তিনি আহত সেনাসদস্যদের দ্রুত সুস্থতা কামনা করেন এবং সকলকে তাদের পাশে থাকার আহ্বান জানান।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আরও বলেন, ‘একজন সেনা কর্মকর্তার সন্তান হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর পেশাদারিত্ব, সাহস এবং আত্মত্যাগ আমাকে সবসময় অনুপ্রাণিত করেছে। চলমান পরিস্থিতিতে শান্তিরক্ষীদের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও সক্রিয় ও কার্যকর ভূমিকার প্রয়োজন।’
শেষে তারেক রহমান প্রার্থনা করেন, ‘মহান আল্লাহ আমাদের বীর সেনাদের শহীদ হিসেবে কবুল করুন এবং আহতদের দ্রুত আরোগ্য দান করুন।’