সীতাকুণ্ডে ফিরে সম্প্রীতির বার্তা দিলেন মাওলানা তাওহিদুল হক

চট্টগ্রামের সীতাকুণ্ডের মাটিতে দীর্ঘ এক যুগের অপেক্ষা শেষে ফিরে এসে আবেগঘন মুহূর্তের সাক্ষী হলেন ভোক্তা অধিকার সংরক্ষণ পরিষদ, চট্টগ্রাম উত্তর জেলা শাখার সভাপতি মাওলানা তাওহিদুল হক চৌধুরী।
শনিবার(১৩ ডিসেম্বর) দুপুরে দিকে এই আনন্দঘন প্রত্যাবর্তন উপলক্ষে সীতাকুণ্ডের ঐতিহ্যবাহী চন্দ্রনাথ পাহাড়ের পাদদেশে সবুজ প্রকৃতির মাঝে আয়োজন করা হয় এক ব্যতিক্রমধর্মী পাহাড়ে ভোজন ও মিলনমেলার।
ভাই-বন্ধু, সহকর্মী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের উপস্থিতিতে মিলনমেলাটি পরিণত হয় এক প্রাণবন্ত সামাজিক উৎসবে। ধর্ম-বর্ণ ও মতাদর্শের ঊর্ধ্বে উঠে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ অনুষ্ঠানটিকে রূপ দেয় সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের উজ্জ্বল নিদর্শনে। একসঙ্গে মধ্যাহ্নভোজে অংশগ্রহণের মাধ্যমে সবাই ভাগাভাগি করেন দীর্ঘদিনের স্মৃতি, আনন্দ ও ভ্রাতৃত্বের বন্ধন।
অনুষ্ঠানে বক্তব্যে মাওলানা তাওহিদুল হক চৌধুরী বলেন,“এই মিলনমেলার মাধ্যমে আমরা সবাইকে একই বন্ধনে আবদ্ধ করতে চাই। পারস্পরিক সৌহার্দ্য ও সম্প্রীতির চর্চার মাধ্যমেই একটি শক্তিশালী ও মানবিক সমাজ গড়ে তোলা সম্ভব।”
প্রকৃতির স্নিগ্ধ পরিবেশে পাহাড়ের পাদদেশে আয়োজিত এই অনুষ্ঠানটি কেবল ভোজনের আয়োজনেই সীমাবদ্ধ ছিল না; বরং এটি হয়ে ওঠে ঐক্য, ভালোবাসা ও মানবিক চেতনার এক অনন্য মিলনমঞ্চ—যেখানে প্রত্যাবর্তনের আনন্দের সঙ্গে জুড়ে যায় মানুষের প্রতি মানুষের অটুট বন্ধনের অঙ্গীকার।