লক্ষ্মীপুরে ঘরে ঢুকে নারীকে কুপিয়ে হত্যা

লক্ষ্মীপুরে ঘরে ঢুকে ছকিনা বেগম নামে এক নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। শনিবার ভোররাতে পৌরসভার ১০নং ওয়ার্ডস্থ মজুপুর এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ নিহত নারীর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। তবে ডাকাতির সময় বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে নাকি পরিকল্পিতভাবে করা হয়েছে, তা তদন্ত করা হচ্ছে।
নিহতের স্বজন, এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার রাত সাড়ে তিনটার দিকে ঘরের ছাদ দিয়ে মুখোশ পরে ভিতরে প্রবেশ করে দুষ্কৃতিরা। পরে তারা ঘরের ভিতরে ঢুকে প্রথমে ছকিনা বেগমের রুমে যায়। এসময় ছকিনা বেগম চিৎকার করলে তাকে এলোপাতাড়ি কুপিয়ে গুরুতর আহত করে পালিয়ে যায় দুষ্কৃতিরা। স্থানীয়রা তার চিৎকার শুনে এসে গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে সদর হাসপাতাল এবং পরে নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে মারা যায়।
নিহত ছকিনা বেগমের স্বামী সাফি উল্লাহ দুই বছর আগে মারা যান। তার দুই সন্তান বিদেশে থাকেন। যদিও ঘর থেকে কোনো মালামাল বা টাকা লুটের ঘটনা ঘটেনি, পরিবারের ও স্থানীয়দের দাবি, ডাকাতির সময় বাধা দেওয়ায় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) রেজাউল হক জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, পূর্বশক্রতা বা পরিকল্পিতভাবে নারীকে কুপিয়ে হত্যা করা হয়েছে। তবে ডাকাতির বিষয়টিও তদন্তাধীন রয়েছে। মামলার প্রস্তুতি এবং জড়িতদের গ্রেফতারের অভিযান চলছে।