নবীনগরে সহকারী শিক্ষকের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার ইব্রাহিমপুর সুফিয়াবাদ শাহ সুফি সাইয়্যেদ আজমত উল্লাহ (রহ.) ফাজিল (ডিগ্রি) মাদ্রাসায় সহকারী শিক্ষক (সামাজিক বিজ্ঞান) জনাব মোঃ আব্দুল আহাদের অবসরজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে বিদায়ী শিক্ষকের দীর্ঘ কর্মজীবনের সফলতা, সততা ও শিক্ষার্থীদের প্রতি তাঁর অসীম নিবেদনকে স্মরণীয় করে রাখতে এ বিদায় আয়োজন করে মাদ্রাসা পরিবার।
মাদ্রাসার অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার গভর্নিং বডির সভাপতি হযরত শাহ সুফি সৈয়দ ফয়েজী মোহাম্মদী আহাম্মদ উল্লাহ।
প্রভাষক আনোয়ার হোসাইন এর সঞ্চালনায় বক্তব্য রাখেন সহকারী অধ্যাপক মোঃ ইব্রাহীম খলিল, আসাদুল ইসলাম ও গভর্নিং বডির সদস্য কাজী মজিবুর রহমান।
প্রধান অতিথি বলেন, একজন আদর্শ শিক্ষক অবসর নিলেও তাঁর শিক্ষা, নীতি ও মূল্যবোধ কখনও অবসর নেয় না। আব্দুল আহাদ স্যারের মতো সৎ, নম্র ও দায়িত্বশীল শিক্ষক খুব কমই দেখা যায়।
অধ্যক্ষ মুফতি মোঃ এনামুল হক কুতুবী সমাপনী বক্তব্যে বলেন, শিক্ষক মোঃ আব্দুল আহাদ শুধু একজন শিক্ষক নন; তিনি ছিলেন শিক্ষার্থীদের পথপ্রদর্শক, সহকর্মীদের অনুপ্রেরণা এবং প্রতিষ্ঠানের উন্নয়নে এক নিবেদিতপ্রাণ মানুষ। তার দীর্ঘ কর্মমেয়াদে তিনি জ্ঞানের আলো ছড়িয়ে অসংখ্য শিক্ষার্থীকে গড়ে তুলেছেন। শিক্ষাক্ষেত্রে তাঁর অবদান মাদ্রাসা ও এলাকাবাসীর কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে।
মাদ্রাসার উপাধ্যক্ষ শেখ মোহাম্মদ আবুল খায়ের এর তত্বাবধানে পরিচালনায় ছিলেন সহকারী অধ্যাপক কাজী আশরাফ উদ্দিন, সহকারী অধ্যাপক মাওলানা শরীফুল ইসলামসহ আরো অনেকে।
সংবর্ধনা অনুষ্ঠানে শিক্ষক-শিক্ষার্থী, মাদ্রাসা পরিচালনা পরিষদের সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে তাঁর হাতে সম্মাননা স্মারক ও শুভেচ্ছা উপহার তুলে দেওয়া হয়।
অনুষ্ঠান শেষে দোয়া মাহফিলের পর উপস্থিত সকলের মাঝে তবারুক বিতরণ করা হয়।