শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬
Natun Kagoj

নবীনগরে কৃষি উদ্যোক্তা গড়ে তুলতে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণ সেমিনার

নবীনগরে কৃষি উদ্যোক্তা গড়ে তুলতে সার্বজনীন গ্রুপের প্রশিক্ষণ সেমিনার
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে সার্বজনীন গ্রুপের উদ্যোগে এবং উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহযোগিতায় কৃষি উদ্যোক্তা তৈরির লক্ষ্যে ‘কৃষি উদ্যোক্তা প্রশিক্ষণ’ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১০ ডিসেম্বর) সকালে উপজেলা কৃষক কনফারেন্স রুমে এ সেমিনারের কার্যক্রম শুরু হয়।

অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সার্বজনীন গ্রুপের চেয়ারম্যান, লেখক ও মোটিভেশনাল বক্তা মোহাম্মদ হোসেন শান্তি।

তিনি বলেন, “কৃষি আজ বাংলাদেশের সবচেয়ে সম্ভাবনাময় খাত। সঠিক পরিকল্পনা, আধুনিক কৃষি প্রযুক্তি ও উদ্যোক্তা মনোভাব থাকলে তরুণরা এ খাতেই নিজের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে।”

সেমিনারের মুখ্য আলোচক ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটন। তিনি কৃষির বর্তমান সম্ভাবনা, নিরাপদ খাদ্য উৎপাদন, বাজার সম্প্রসারণ, প্রযুক্তির ব্যবহার, জলবায়ু–সহনশীল কৃষি এবং উদ্যোক্তা হওয়ার মৌলিক ধাপগুলো বিস্তারিত তুলে ধরেন।

তিনি বলেন, "কৃষি আজ আর শুধু চাষাবাদ নয়—এটি একটি পূর্ণাঙ্গ ব্যবসায়িক ক্ষেত্র। প্রশিক্ষণপ্রাপ্ত তরুণরা কৃষিকে ঘিরে প্রসেসিং, প্যাকেজিং, ভ্যালু অ্যাডিশন ও রপ্তানির মাধ্যমে নতুন নতুন কর্মসংস্থানের সুযোগ তৈরি করতে পারবেন।”

অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ কান্তি কুমার ভট্টাচার্য।

সাংবাদিক জামাল হোসেন পান্নার সঞ্চালনায় সেমিনারে আরও উপস্থিত ছিলেন সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা, প্রযুক্তিবিষয়ক কর্মকর্তা এস এ রুবেল, প্রশিক্ষক আলমগীর হোসেন, রুমা আক্তার, সাংবাদিক মাহাবুবুর রহমান, আলামিন প্রমুখ।

প্রশিক্ষণে আধুনিক কৃষি কৌশল, সঠিক বীজ নির্বাচন, ব্যবসায় পরিকল্পনা, বাজার চাহিদা বিশ্লেষণ, কৃষিপণ্যের ভ্যালু অ্যাডিশনসহ কৃষি উদ্যোক্তাদের জন্য প্রয়োজনীয় বাস্তবমুখী দক্ষতা প্রদান করা হয়।

আয়োজক সূত্রে জানা যায়, সার্বজনীন গ্রুপের অলরাউন্ডার প্রশিক্ষণের ২০তম সেশনে মোট ৫৬ জন উদ্যমী তরুণ–তরুণী অংশগ্রহণ করেন। প্রশিক্ষণ শেষে তাদের উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত করতে বিভিন্ন বিষয়ে পূর্ণাঙ্গ সহায়তা দেওয়ার পরিকল্পনাও রয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন