নবীনগরে ৪ নারী পেলেন ‘অদম্য নারী’ সম্মাননা

নারীর অধিকার, শিক্ষাবিস্তারণ ও সমাজ পরিবর্তনে পথিকৃৎ বেগম রোকেয়ার আদর্শকে স্মরণ করে ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উদযাপিত হলো বেগম রোকেয়া দিবস ২০২৫। দিবসটি উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে অসাধারণ অবদান ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ চার নারীকে ‘অদম্য নারী’ সম্মাননা প্রদান করেছে উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়।
মঙ্গলবার (৯ ডিসেম্বর) দুপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে সম্মাননা প্রাপ্তদের হাতে সম্মাননা ক্রেস্ট, সনদ ও উত্তোরীয় তুলে দেওয়া হয়।
সম্মাননা পাওয়া নারীরা হলেন—সফল জননী হিসেবে মোসাম্মৎ রজবা বেগম, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য ক্ষেত্রে ইসরাত জাহান, শিক্ষা ও কর্মক্ষেত্রে অনুকরণীয় নারী হিসেবে সার্বজনীন গ্রুপের পরিচালক তানজিনা আক্তার শিলা, জীবন সংগ্রামে জয়ী নারী হিসেবেহোসনা আক্তার।
উপজেলা কৃষি কর্মকর্তা জাহাঙ্গীর আলম লিটনের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মাহমুদুল হাসান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নারী ও শিশু বিষয়ক কর্মকর্তা ইভা বেগম, নবীনগর প্রেসক্লাবের সভাপতি মোহাম্মদ হোসেন শান্তি, বিভিন্ন নারী সংগঠনের নেতৃবৃন্দ ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।
বক্তারা বলেন, সমাজের প্রতিটি স্তরে নারীর অধিকার ও অগ্রযাত্রা নিশ্চিত করতে বেগম রোকেয়ার আদর্শ আজও প্রাসঙ্গিক। ‘অদম্য নারী’ ক্যাটাগরির সম্মাননা নারীর ক্ষমতায়ন ও অনুপ্রেরণার প্রতীক হিসেবে কাজ করবে।