ব্রাহ্মণবাড়িয়ায় ২৮ কেজি গাঁজাসহ আটক ৩

ব্রাহ্মণবাড়িয়ায় পৃথক দুটি অভিযানে ২৮ কেজি গাঁজাসহ তিন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে ব্রাহ্মণবাড়িয়া মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)।
৭ ডিসেম্বর রোববার সকালে জেলার সরাইল উপজেলায় ঢাকা-সিলেট মহাসড়কে একটি লোকাল বাস ও সিএনজি অটোরিকশায় তল্লাশি চালিয়ে এই মাদক উদ্ধার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে দুজন নারী রয়েছেন।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয় জানায়, গোপন সংবাদের ভিত্তিতে তাদের একটি বিশেষ দল সকাল সাড়ে ৭টার দিকে সরাইল উপজেলার ইসলামাবাদ এলাকায় সবুজ বাংলা হোটেলের সামনে ঢাকা-সিলেট মহাসড়কে ঢাকাগামী ‘লাবিবা’ নামক একটি লোকাল বাসে তল্লাশি চালায়।
এসময় বাস থেকে ২০ কেজি গাঁজা জব্দ করা হয় এবং মাদক কারবারি হরিমন সরকারকে (৩৯) গ্রেপ্তার করা হয়। তিনি বিজয়নগর উপজেলার বুধন্তি ইউনিয়নের মেরাসানী গ্রামের কৃষ্ণ সরকারের ছেলে।
এর কিছুক্ষণ পর সকাল ৯টায় একই স্থানে পরিচালিত ৪০ মিনিটের দ্বিতীয় অভিযানে একটি সিএনজি অটোরিকশার দুই নারী যাত্রীর শরীর তল্লাশি করে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা ৮ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন, মোছা. লিজা আক্তার (২৫) ও মোছা. মায়া আক্তার (১৯)। তারা সম্পর্কে বোন এবং জেলার বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিমপুর গ্রামের মো. মুকুল হোসেনের মেয়ে।
এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ব্রাহ্মণবাড়িয়া জেলা কার্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তারকৃত তিনজনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সরাইল থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে। মাদকের বিস্তার রোধে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানিয়েছে সংস্থাটি।