বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

চট্টগ্রামে দেশের প্রথম ই-পারিবারিক আদালত চালু

চট্টগ্রামে দেশের প্রথম ই-পারিবারিক আদালত চালু
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

চট্টগ্রামে দেশের প্রথম ই-পারিবারিক আদালতের কার্যক্রম রবিবার (৩০ নভেম্বর) থেকে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। নতুন এই উদ্যোগের মাধ্যমে বিচারপ্রার্থীরা ঘরে বসেই পারিবারিক মামলা দায়ের, নথি দাখিল, শুনানি এবং সাক্ষ্য প্রদানের সুযোগ পাবেন।

উদ্বোধনী অনুষ্ঠানে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লা বলেন, “ই-পারিবারিক আদালত চালুর ফলে বিচারপ্রার্থীদের দীর্ঘদিনের ভোগান্তি কমবে। মামলার আবেদন থেকে শুরু করে দৈনন্দিন কার্যক্রম সবকিছু অনলাইনে সম্পন্ন হবে, এতে কাগজপত্রের ব্যবহার কমবে এবং নথি হারানোর ঝুঁকি থাকবে না।”

লিয়াকত আলী মোল্লা আরও বলেন, বিচারপ্রার্থীরা ঘরে বসেই মামলার অগ্রগতি জানতে পারবেন। মামলার বিভিন্ন পর্যায়ের তথ্য ক্ষুদে বার্তার মাধ্যমেও জানানো হবে।

আদালত সূত্র জানায়, ই-পারিবারিক আদালতে পাঁচ ধরনের মামলার বিচার কার্যক্রম পরিচালিত হবে।

এগুলো হলো—বিবাহবিচ্ছেদ, দাম্পত্য অধিকার পুনরুদ্ধার, মোহরানা, ভরণপোষণ এবং সন্তানদের অভিভাবকত্ব ও হেফাজত।

চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের সরকারি কৌঁসুলি রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আগের পদ্ধতিতে নথি হারানোর ঘটনা ঘটত। অনলাইনভিত্তিক এই আদালতে সব নথি ডিজিটালভাবে সংরক্ষিত থাকবে। এতে আইনজীবী ও বিচারপ্রার্থীদের সময় ও ঝামেলা দুটোই কমবে।

চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির সভাপতি আবদুস সাত্তার বলেন, এটি একটি পেপারলেস আদালত। প্রযুক্তিনির্ভর পদ্ধতি ব্যবহারে বিচার কার্যক্রম আরও দ্রুত ও স্বচ্ছভাবে সম্পন্ন হবে।

আদালতের ওয়েবসাইটে মামলার রেজিস্ট্রেশন, আইনজীবী নির্বাচন, নথি আপলোড ও অনলাইন হাজিরা দেওয়ার সুযোগ রাখা হয়েছে। ওটিপি ভেরিফিকেশনের মাধ্যমে পরিচয় নিশ্চিত করে যেকোনো স্থান থেকেই মামলা দায়ের ও পরিচালনা করা যাবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন