রামগড়ে দুই চীনা নাগরিক পুলিশ হেফাজতে

খাগড়াছড়ি জেলার রামগড়ের একটি আবাসিক ভবন থেকে অনুমতি ছাড়া পার্বত্য চট্টগ্রামে প্রবেশের দায়ে দুই চীনা নাগরিককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। শুক্রবার বিকাল পর্যন্ত তাদের পুলিশ হেফাজতে রাখার তথ্য নিশ্চিত করেছেন রামগড় থানার ওসি মো. মাঈন উদ্দিন।
চীনা পাসপোর্টধারী ওই দুই নাগরিক হলেন জিয়াং ছেংথং এবং টেং তংগুয়ে। পুলিশ তাদের কাছ থেকে ল্যাপটপসহ বিভিন্ন প্রযুক্তিগত ডিভাইস জব্দ করার তথ্য দিয়েছে।
ওসি মো. মাঈন উদ্দিন জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় রামগড় পৌরসভা বাজার এলাকার ইলিয়াছ হোসেনের মালিকানাধীন আবাসিক ভবনের চতুর্থ তলা থেকে তাদের হেফাজতে নেওয়া হয়। তারা বাসাটি এক মাসের জন্য ভাড়া নিয়েছিলেন।
পুলিশের তথ্য অনুযায়ী, ওই দুই চীনা নাগরিক বুধবার চট্টগ্রামের কুমিরায় অবস্থিত অবর্না ক্ল্যাসিক নামের একটি অ্যালুমিনিয়াম কোম্পানির কর্মচারী মো. রোকন উদ্দিনের মাধ্যমে রামগড়ে আসেন। এরপর তারা কোনো নথিপত্র ছাড়াই ৩০ হাজার টাকা অগ্রিম দিয়ে ইলিয়াছ হোসেনের কাছ থেকে বাসা ভাড়া নেন এবং বাড়ির মালিককে ইলেকট্রনিক্স সামগ্রীর গুদাম করবেন বলে জানান।
ওসি বলেন, স্থানীয়দের কাছ থেকে তথ্য পেয়ে দুই চীনা নাগরিককে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তারা জানিয়েছেন, দেড় মাস আগে চট্টগ্রামে এসে নগরীর খুলশী এলাকায় বসবাস শুরু করেন।
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের কথা তুলে ধরে তিনি জানান, পার্বত্য চট্টগ্রামে বিদেশি নাগরিকের ভ্রমণে বা প্রবেশের আগে অনুমতি নেওয়ার নিয়ম থাকলেও তাদের তা নেই। তিনি আরও বলেন, "চীনা দুই নাগরিকের কাছ থেকে জব্দ করা ডিভাইস সম্পর্কে যাচাই-বাছাইয়ে বিটিআরসির সহযোগিতা চাওয়া হয়েছে।" বিধি মোতাবেক তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে পুলিশ কর্মকর্তা মাঈন উদ্দিন নিশ্চিত করেন।