বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬
Natun Kagoj

রামসু বাজারের ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ

রামসু বাজারের ক্ষতিগ্রস্তদের পাশে জেলা পরিষদ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলার রামসু বাজার এলাকায় সাম্প্রতিক সহিংস ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে এককালীন মানবিক সহায়তা প্রদান করেছে খাগড়াছড়ি জেলা পরিষদ। পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সার্বিক সহযোগিতায় এই সহায়তা দেওয়া হয়।

আজ মঙ্গলবার (১১ নভেম্বর) সকাল ১১টায় গুইমারা সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে খাগড়াছড়ি জেলা পরিষদের আয়োজনে এই সহায়তা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খাগড়াছড়ি জেলা পরিষদের জনসংযোগ কর্মকর্তা চিংলামং মারমা।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খাগড়াছড়ি জেলা পরিষদ চেয়ারম্যান শেফালীকা ত্রিপুরা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা পরিষদের মুখ্য নির্বাহী কর্মকর্তা নোমান হোসেন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট হাসান মারুফ, জেলা পরিষদ সদস্য কংজপ্রু মারা, সদস্য এডভোকেট মর্জিনা ঝুমা, গুইমারা থানার অফিসার ইনচার্জ মো. এনামুল হক চৌধুরী, সাবেক উপজেলা চেয়ারম্যান উশ্যেপ্রু মারমা, এবং মারমা ঐক্য পরিষদের সভাপতি অংগ্য মারমা।

এসময় নিহত তিন পরিবারের প্রত্যেককে ৩ লাখ টাকা করে সহ মোট ১৪১ জন আহত ও ক্ষতিগ্রস্ত পরিবারকে প্রায় ৫০ লক্ষ টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয় বলে জানা গেছে।

তবে, সহায়তা প্রদান তালিকায় "টাকার পরিমাণ" অংশে কাস্টেপ (টেপ) লাগানো থাকায় সাংবাদিক ও ক্ষতিগ্রস্তদের মধ্যে অসন্তোষ দেখা দেয়। এ বিষয়ে জনসংযোগ কর্মকর্তা চিংলামং মারমা ব্যাখ্যা দেন যে সবাইকে সমান অর্থ দেওয়া হয়নি, তাই টাকার ঘরগুলো ঢাকা রাখা হয়েছে। এই ব্যাখ্যায় সাংবাদিক, গোয়েন্দা বিভাগের লোকজন এবং ক্ষতিগ্রস্তদের অনেকে সন্তুষ্ট হতে পারেননি।

এসময় প্রধান অতিথি বক্তব্যে বলেন, "সহিংসতায় আমরা অনেক কিছু হারিয়েছি—তা হোক জীবন, সম্পদ বা মানবিক শান্তি। জেলা পরিষদ এই ঘটনার শুরু থেকেই ক্ষতিগ্রস্তদের পাশে রয়েছে এবং ভবিষ্যতেও থাকবে। আহতদের চিকিৎসা সহায়তা, খাদ্য ও আর্থিক সহযোগিতা আমাদের পক্ষ থেকে অব্যাহত রয়েছে।"

তিনি আরও বলেন, "আমাদের ভুলে যাওয়া উচিত যে আমরা আলাদা। আমাদের রক্ত এক, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে থাকতে হবে। পরিবার, সমাজ ও রাষ্ট্রের বৃহত্তর স্বার্থে ভেদাভেদ ভুলে একসাথে কাজ করতে হবে। আপনাদের ভালো রাখার জন্য জেলা পরিষদ সবসময় পাশে থাকবে এবং আমরা কোনো ধরনের সহিংসতা নয়, বরং শান্তিপূর্ণ সহাবস্থান চাই।"


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন