খাগড়াছড়ি সেনা রিজিয়নের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

খাগড়াছড়ি ২০৩ পদাতিক ব্রিগেড ও সেনা রিজিয়নের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে এক শুভেচ্ছা বিনিময় ও প্রীতিভোজ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
আজ শনিবার (১১ অক্টোবর) দুপুরে খাগড়াছড়ি সেনানিবাসে এ আয়োজন করা হয়।
অনুষ্ঠানে ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ, কমান্ডার ২০৩ পদাতিক ব্রিগেড ও সেনা রিজিয়ন, তাঁর বক্তব্যে বলেন, "পার্বত্য চট্টগ্রামে আভিযানিক পথ পরিক্রমায় দীর্ঘ ৪৮ বছর ধরে ২০৩ পদাতিক ব্রিগেডের বহু সদস্য আত্মত্যাগ করেছেন। তাঁদের এই আত্মত্যাগের মাধ্যমেই এ অঞ্চলে বিদ্যমান সংকট উত্তরণসহ শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান নিশ্চিত করা সম্ভব হয়েছে।"
ব্রিগেডিয়ার জেনারেল হাসান মাহমুদ আরও বলেন, পার্বত্য চট্টগ্রামে মানুষের জান-মালের নিরাপত্তা নিশ্চিতের পাশাপাশি আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নে সেনাবাহিনী সকল অংশীজনদের সঙ্গে নিয়ে কাজ করছে। তিনি দৃঢ়ভাবে জানান, ভবিষ্যতেও এই উন্নয়নের ধারা অব্যাহত থাকবে।
তিনি শ্রদ্ধাভরে স্মরণ করে বলেন, "পাহাড়ে সূচিত হওয়া সম্প্রীতির মিলনবন্ধন ও আর্থ-সামাজিক উন্নয়নের যাত্রা, জীবন উৎসর্গকারী সেনা, বিজিবি, পুলিশ ও আনসারসহ সকল নিরাপত্তা বাহিনীর সদস্যদের আত্মত্যাগেরই ফল।"