বুধবার, ২২ এপ্রিল ২০২৬
Natun Kagoj

`এপ্রিলে ধর্ষণের শিকার ১১১, নির্যাতিত ৩৩২ নারী, হত্যা ৭০'

`এপ্রিলে ধর্ষণের শিকার ১১১, নির্যাতিত ৩৩২ নারী, হত্যা ৭০'
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

২০২৫ সালের এপ্রিল মাসে দেশে নারী ও কন্যাশিশুর বিরুদ্ধে সহিংসতার ঘটনায় মোট ৩৩২ জন নির্যাতনের শিকার হয়েছেন। এর মধ্যে ধর্ষণের শিকার হয়েছেন ১১১ জন।

এই তথ্য উঠে এসেছে বাংলাদেশ মহিলা পরিষদের ‘নারী ও কন্যা নির্যাতনবিষয়ক এপ্রিল মাসের পরিসংখ্যানমূলক প্রতিবেদনে’। রোববার (৪ মে) সংগঠনের সাধারণ সম্পাদক মালেকা বানুর স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে প্রতিবেদনটি প্রকাশ করা হয়।

১৫টি দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ মহিলা পরিষদের কেন্দ্রীয় লিগ্যাল এইড উপ-পরিষদ।

এতে জানানো হয়, ১৬৯ জন কন্যা ও ১৬৩ জন নারীসহ ২০২৫ সালের এপ্রিল মাসে মোট ৩৩২ জন নির্যাতনের শিকার হয়েছে। এরমধ্যে ধর্ষণের শিকার হয়েছে ৮৩ জন কন্যাসহ ১১১ জন। তার মধ্যে ১৬ জন কন্যাসহ ২৪ জন দলবদ্ধ ধর্ষণের শিকার হয়েছে, ১ জন কন্যাসহ ৫ জনকে ধর্ষণের পর হত্যা করা হয়েছে, ২ জন কন্যা ধর্ষণের কারণে আত্মহত্যা করেছে। এ ছাড়াও ২২ জন কন্যাসহ ২৯ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।

যৌন নিপীড়নের শিকার হয়েছে ১০ জন কন্যাসহ ১২ জন। উত্ত্যক্তের শিকার হয়েছে ৪ জন কন্যা। বিভিন্ন কারণে ১৫ জন কন্যাসহ ৬০ জনকে হত্যা করা হয়েছে। এ ছাড়াও বিভিন্ন কারণে হত্যার চেষ্টা করা হয়েছে ২ জনকে। ৫ জন কন্যাসহ ২৪ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে।

৬ জন কন্যাসহ ২৪ জনের আত্মহত্যার ঘটনা ঘটেছে, এর মধ্যে আত্মহত্যার প্ররোচনার শিকার হয়েছে ১ জন কন্যাসহ ২ জন। ২ জন অগ্নিদগ্ধের শিকার হয়েছে, এর মধ্যে অগ্নিদগ্ধের কারণে মৃত্যু হয়েছে ১ জনের।

যৌতুকের কারণে নির্যাতনের শিকার হয়েছে ১২ জন। এর মধ্যে ৩ জনকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে। শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১৭ জন, এর মধ্যে ৪ জন কন্যা।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়,  পারিবারিক সহিংসতায় শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ৩ জন। ২ জন গৃহকর্মীকে হত্যার ঘটনা ঘটেছে। ৭ জন কন্যাসহ ৯ জন অপহরণের শিকার হয়েছে। এ ছাড়াও ২ জন কন্যা অপহরণের চেষ্টার শিকার হয়েছে। ১ জন সাইবার অপরাধের শিকার হয়েছে। বাল্যবিবাহের চেষ্টার ঘটনা ঘটেছে ৪টি। এ ছাড়া ২ জন কন্যাসহ ১০ জন বিভিন্নভাবে নির্যাতনের শিকার হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন