মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • বাংলাদেশের ৯১ রানের জবাবে দক্ষিণ আফ্রিকার দাপুটে ব্যাটিং শেখ হাসিনা দেশে ফিরলেই গ্রেপ্তার, পাসপোর্ট পাওয়ার সুযোগ নেই: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যা বাড়ছে, ১১ মাসে ২৩ সেনার মৃত্যু কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় ‘বনলতা সেন’ ব্যাংক খাত সংস্কারে চার বছরের পরিকল্পনা বাংলাদেশ ব্যাংকের ভাড়ায় অস্ত্র সরবরাহ করত ‘ফোর স্টার’ গ্রুপ, ৬ সদস্য গ্রেপ্তার সাইবার নিরাপত্তা আইনের সংজ্ঞা স্পষ্ট করার উদ্যোগ: আইনমন্ত্রী এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া এনভিডিয়ার সিইও পদে ফিরলেন জেনসেন হুয়াং, শেয়ারদর বাড়ল ৩৩ শতাংশ শেখ হাসিনা বিমানে, নাকি হেঁটে ফিরবেন-সিদ্ধান্ত ভারতের সঙ্গে আলোচনায়
  • ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যা বাড়ছে, ১১ মাসে ২৩ সেনার মৃত্যু

    ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যা বাড়ছে, ১১ মাসে ২৩ সেনার মৃত্যু
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    গাজা যুদ্ধ ও দীর্ঘদিনের সামরিক অভিযানের প্রভাবে ইসরায়েলি সেনাবাহিনীতে আত্মহত্যার ঘটনা বেড়েছে। ২০২৬ সালের প্রথম ১১ মাসে দেশটির সক্রিয় দায়িত্বে থাকা ২৩ জন সেনা ও কর্মকর্তা আত্মহত্যা করেছেন। গত ১৬ বছরের মধ্যে এক বছরে এটিই সর্বোচ্চ সংখ্যা।

    মঙ্গলবার (২৪ নভেম্বর) আলজাজিরার এক প্রতিবেদনে ইসরায়েলি সংবাদপত্র হারেৎজের পরিসংখ্যানের বরাতে এ তথ্য জানানো হয়।

    হারেৎজের তথ্য অনুযায়ী, চলতি বছরে আত্মহত্যা করা সক্রিয় সেনাসদস্যের সংখ্যা গত এক দশকের যেকোনো বছরের তুলনায় বেশি। এ ছাড়া গাজা যুদ্ধে নিয়মিত ও রিজার্ভ বাহিনীতে দায়িত্ব পালন করা আরও ১৭ জন সাবেক সেনা চাকরি ছাড়ার পর আত্মহত্যা করেছেন। একই সময়ে পাঁচজন পুলিশ কর্মকর্তার আত্মহত্যার ঘটনাও নথিভুক্ত হয়েছে।

    ২০২৩ সালের ৭ অক্টোবর গাজা যুদ্ধ শুরুর আগের দশকে ইসরায়েলি সেনাবাহিনীতে বছরে গড়ে প্রায় ১২টি আত্মহত্যার ঘটনা ঘটত। যুদ্ধ শুরুর পর ওই বছরের শেষ পর্যন্ত সাতজন সেনা আত্মহত্যা করেন। ২০২৪ সালে এ সংখ্যা ছিল ২১ এবং ২০২৫ সালে ২২ জন।

    সাবেক সেনাদের আত্মহত্যার ঘটনাগুলোর মধ্যে ১০টির সঙ্গে সামরিক দায়িত্বের সম্পর্ক থাকার উচ্চ সম্ভাবনা রয়েছে বলে মনে করছে ইসরায়েলি সামরিক বাহিনী। আরও একটি ঘটনা পর্যালোচনাধীন।

    মানসিক স্বাস্থ্য নিয়ে উদ্বেগ

    প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে আত্মহত্যা করা সক্রিয় সেনাদের অধিকাংশই এর আগে মানসিক স্বাস্থ্যসেবা নেননি। বিশেষজ্ঞদের মতে, দীর্ঘদিন যুদ্ধক্ষেত্রে অবস্থান, বারবার অভিযানে অংশগ্রহণ এবং সহিংসতার প্রত্যক্ষ অভিজ্ঞতা সেনাদের মানসিক স্বাস্থ্যে দীর্ঘমেয়াদি প্রভাব ফেলতে পারে।

    হাইফা বিশ্ববিদ্যালয়ের আত্মহত্যা ও মানসিক যন্ত্রণাবিষয়ক গবেষণা কেন্দ্রের প্রধান ইয়োসি লেভি-বেলজ বলেন, দায়িত্ব পালন অব্যাহত রাখা রিজার্ভ সেনারা বিশেষভাবে ঝুঁকিতে রয়েছেন। আগামী কয়েক বছর সেনাবাহিনীতে আত্মহত্যার প্রবণতার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হতে পারে বলেও সতর্ক করেন তিনি।

    এর আগে রয়টার্সের এক প্রতিবেদনে জানানো হয়, ইসরায়েলি সেনাদের মধ্যে যুদ্ধ-পরবর্তী মানসিক আঘাত বা পোস্ট-ট্রমাটিক স্ট্রেস ডিজঅর্ডার (পিটিএসডি) আক্রান্তের সংখ্যা বাড়ছে। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয়ের হিসাবে, ২০২৩ সালের সেপ্টেম্বর থেকে সেনাদের মধ্যে এ ধরনের মানসিক সমস্যায় আক্রান্তের সংখ্যা প্রায় ৪০ শতাংশ বেড়েছে।

    বর্তমানে যুদ্ধজনিত শারীরিক ও মানসিক আঘাতের চিকিৎসা নিচ্ছেন প্রায় ২২ হাজার ৩০০ সামরিক সদস্য। তাঁদের প্রায় ৬০ শতাংশের মধ্যে মানসিক আঘাত-পরবর্তী উপসর্গ রয়েছে। এ ছাড়া ২০২৪ সালের জানুয়ারি থেকে ২০২৫ সালের জুলাই পর্যন্ত সেনাসদস্যদের আত্মহত্যার চেষ্টার ২৭৯টি ঘটনা নথিভুক্ত হয়েছিল বলে জানিয়েছে ইসরায়েলের একটি সংসদীয় কমিটি।

    বিশেষজ্ঞদের আশঙ্কা, গাজায় দীর্ঘস্থায়ী যুদ্ধ এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য অঞ্চলে সামরিক তৎপরতার কারণে ইসরায়েলি নিরাপত্তা বাহিনীর সদস্যদের মানসিক স্বাস্থ্যের ওপর চাপ আরও বাড়তে পারে। যুদ্ধের প্রত্যক্ষ অভিজ্ঞতার প্রভাব আগামী কয়েক বছরও তাঁদের মধ্যে অব্যাহত থাকতে পারে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন