এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সুলতান মোহাম্মদ জাকারিয়া। কেন্দ্রীয় পদ ছাড়ার পাশাপাশি দলের সব ধরনের দায়িত্ব ও সম্পৃক্ততা থেকেও সরে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন তিনি।
মঙ্গলবার (২৪ নভেম্বর) এক বিবৃতিতে পদত্যাগের সিদ্ধান্ত জানান জাকারিয়া। এতে দলের অভ্যন্তরীণ গণতন্ত্র, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহি নিয়ে হতাশার কথা তুলে ধরেন তিনি। একই বিবৃতিতে এনসিপির দুই নেতা হান্নান মাসউদ ও নিজাম উদ্দিনের বিরুদ্ধেও বিভিন্ন অভিযোগ করেন।
বিবৃতিতে জাকারিয়া জানান, জুলাই অভ্যুত্থানের পর নতুন রাজনৈতিক বাস্তবতায় তরুণদের গণতান্ত্রিক রাজনীতিতে সংগঠিত করতে সহায়তার লক্ষ্য নিয়ে তিনি এনসিপিতে যোগ দিয়েছিলেন।
দলে প্রতিষ্ঠাকালীন যুগ্ম আহ্বায়ক, আন্তর্জাতিক সম্পাদক ও নির্বাহী পরিষদের সদস্যসহ বিভিন্ন দায়িত্ব পালন করেছেন তিনি। নোয়াখালী-২ আসনে দলের প্রার্থী হিসেবেও কাজ করেছেন। এ ছাড়া দলের ২৪ দফা রাজনৈতিক ম্যানিফেস্টোসহ বিভিন্ন সাংগঠনিক দলিল তৈরিতে ভূমিকা রাখার চেষ্টা করেছেন বলে বিবৃতিতে উল্লেখ করেন।
দলের ভেতরে গণতন্ত্র, সিদ্ধান্ত গ্রহণে অংশগ্রহণ, স্বচ্ছতা ও জবাবদিহির চর্চা প্রতিষ্ঠায় শুরু থেকেই দলীয় ফোরাম ও নেতৃত্বকে পরামর্শ দিয়েছেন বলে জানান তিনি। তবে দলের প্রাতিষ্ঠানিকীকরণের প্রচেষ্টা সফল না হওয়ায় হতাশা তৈরি হয়েছে বলে উল্লেখ করেন জাকারিয়া।
বিবৃতিতে তিনি বলেন, ‘ব্যক্তিজীবনে আমি সম্মান, মর্যাদা ও মাথা উঁচু করে চলেছি। তাই আত্মমর্যাদা ও জবাবদিহির প্রশ্নে আপস করে জীবনে বিশেষ কিছু অর্জন চাই না।’