মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • চার পেসার নিয়ে বাংলাদেশের একাদশ নির্বাচন সঠিক: মাকেতা রোহিঙ্গা গণহত্যার রায় পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান ১৪ দেশের স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ মহড়া দেখতে গেলেন প্রধানমন্ত্রী প্রত্যর্পণ ছাড়া শেখ হাসিনাকে ফিরতে দেওয়া হবে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী বগুড়া সিএমএইচে মারা গেলেন অভিনেতা সোহেল খান বিজয় দিবসে দেশে ফিরতে চান শেখ হাসিনা, চাইলেন বিমানের ফ্লাইট দেশে ২২ ক্যারেট সোনার ভরি ১ লাখ ৯৯ হাজার ৬৮৮ টাকা ঢাকা ও আশপাশের জেলাসহ বিভিন্ন স্থানে ১০১ প্লাটুন বিজিবি মোতায়েন শিকাগোর সড়কের নাম ‘মাদার অব ডেমোক্রেসি বেগম খালেদা জিয়া ওয়ে’ ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও দুজনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৩৬৭
  • রোহিঙ্গা গণহত্যার রায় পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান ১৪ দেশের

    রোহিঙ্গা গণহত্যার রায় পূর্ণাঙ্গ বাস্তবায়নের আহ্বান ১৪ দেশের
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    রোহিঙ্গা গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) দেওয়া ঐতিহাসিক রায় পূর্ণাঙ্গভাবে বাস্তবায়নের আহ্বান জানিয়েছে ১৪টি দেশ। দেশগুলোর মতে, এ রায় গণহত্যার শিকার ও বেঁচে যাওয়া রোহিঙ্গাদের ন্যায়বিচার এবং অপরাধীদের জবাবদিহি নিশ্চিত করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলফলক।

    সোমবার (২৩ নভেম্বর) যুক্তরাজ্যের পররাষ্ট্র, কমনওয়েলথ ও উন্নয়ন দপ্তরের (এফসিডিও) প্রকাশিত এক যৌথ বিবৃতিতে এ আহ্বান জানানো হয়।

    বিবৃতিতে স্বাক্ষর করেছেন অস্ট্রেলিয়া, বেলজিয়াম, কানাডা, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন, গাম্বিয়া ও যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রীরা।

    যৌথ বিবৃতিতে বলা হয়, গণহত্যা প্রতিরোধ ও শাস্তি-সংক্রান্ত সনদের আওতায় গাম্বিয়ার করা মামলায় আন্তর্জাতিক বিচার আদালতের রায়কে স্বাগত জানাচ্ছে দেশগুলো। আদালত মিয়ানমারকে গণহত্যা সনদের অধীনে তার বাধ্যবাধকতা লঙ্ঘনের জন্য দায়ী করেছেন।

    বিবৃতিতে আরও বলা হয়, আইসিজের রায় মিয়ানমারের জন্য আইনগতভাবে বাধ্যতামূলক। আন্তর্জাতিক আইন ও আদালতের সিদ্ধান্ত অনুযায়ী দেশটিকে তার সব বাধ্যবাধকতা পূরণ করতে হবে।

    স্বাক্ষরকারী দেশগুলো উল্লেখ করেছে, বছরের পর বছর ধরে রোহিঙ্গারা ভয়াবহ সহিংসতা, বাস্তুচ্যুতি ও নিপীড়নের শিকার হয়েছেন। আদালতের রায় স্পষ্ট করে দিয়েছে, এ ধরনের অপরাধ দায়মুক্তির সুযোগে সংঘটিত হতে পারে না।

    গত ১৯ নভেম্বর নেদারল্যান্ডসের দ্য হেগে অবস্থিত আন্তর্জাতিক বিচার আদালত গাম্বিয়ার করা মামলায় চূড়ান্ত রায় ঘোষণা করেন। রায়ে ২০১৭ সালে মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের বিরুদ্ধে পরিচালিত সামরিক অভিযানের সময় গণহত্যা সংঘটনের জন্য দেশটিকে দায়ী করা হয়।

    আদালত ৯-৬ ভোটে সিদ্ধান্ত দেন, মিয়ানমার রোহিঙ্গা জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা করেছে এবং গণহত্যা সনদের অধীনে আন্তর্জাতিক বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

    ১৯৪৮ সালের গণহত্যা সনদ কার্যকর হওয়ার পর কোনো রাষ্ট্রের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের গণহত্যার দায় নির্ধারণের প্রথম ঘটনা হিসেবে এ রায়কে বিবেচনা করা হচ্ছে।

    পশ্চিম আফ্রিকার দেশ গাম্বিয়া ২০১৯ সালে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) সমর্থনে মিয়ানমারের বিরুদ্ধে মামলাটি করে। ২০১৭ সালের সামরিক অভিযানে রোহিঙ্গাদের হত্যা, ধর্ষণ, নির্যাতন ও ব্যাপকভাবে বাস্তুচ্যুত করার অভিযোগে মামলাটি দায়ের করা হয়েছিল।

    যৌথ বিবৃতিতে রোহিঙ্গা শরণার্থীদের স্বেচ্ছায়, নিরাপদে, মর্যাদাপূর্ণ ও টেকসইভাবে মিয়ানমারে ফেরার উপযোগী পরিবেশ তৈরির ওপরও গুরুত্ব দেওয়া হয়েছে।

    দেশগুলো বলেছে, রোহিঙ্গাদের নিজ দেশে ফেরার জন্য নিরাপত্তা, অধিকার ও মর্যাদা নিশ্চিত করা জরুরি। শুধু প্রত্যাবাসনের ঘোষণা দিলেই হবে না, এমন পরিবেশ তৈরি করতে হবে, যেখানে তাঁরা ভয়ভীতি ও নিপীড়ন ছাড়াই বসবাস করতে পারবেন।

    ২০১৭ সালের সামরিক অভিযানের পর সাত লাখের বেশি রোহিঙ্গা বাংলাদেশে আশ্রয় নেন। আগে থেকে আশ্রয় নেওয়া শরণার্থীদের নিয়ে বর্তমানে কক্সবাজার ও ভাসানচরে ১০ লাখের বেশি রোহিঙ্গা অবস্থান করছেন।

    বিবৃতিতে আরও বলা হয়, রোহিঙ্গাদের বিরুদ্ধে সংঘটিত নৃশংসতার শিকার ব্যক্তি ও বেঁচে যাওয়া মানুষের পাশে থাকবে স্বাক্ষরকারী দেশগুলো। একই সঙ্গে মিয়ানমারের সব জনগণের জন্য শান্তিপূর্ণ, গণতান্ত্রিক ও অন্তর্ভুক্তিমূলক ভবিষ্যৎ প্রতিষ্ঠার প্রচেষ্টায় সমর্থন অব্যাহত রাখবে তারা।

    আইসিজের রায় অনুযায়ী, গণহত্যা প্রতিরোধ, অপরাধের তদন্ত, দায়ীদের বিচারের আওতায় আনা এবং এ ধরনের অপরাধের পুনরাবৃত্তি ঠেকানোর বাধ্যবাধকতা রয়েছে মিয়ানমারের। ক্ষতিগ্রস্তদের কার্যকর প্রতিকার ও ক্ষতিপূরণের বিষয়টিও আন্তর্জাতিক আইনি প্রক্রিয়ার গুরুত্বপূর্ণ অংশ।

    আইসিজের ঐতিহাসিক রায়ের পর ১৪ দেশের এই যৌথ আহ্বানে রোহিঙ্গা সংকটের আন্তর্জাতিক কূটনৈতিক ও আইনি গুরুত্ব আবারও সামনে এসেছে। তবে রায় বাস্তবায়ন, অপরাধীদের জবাবদিহি এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসন নিশ্চিত করতে মিয়ানমার কী পদক্ষেপ নেয়, এখন সেদিকেই নজর আন্তর্জাতিক মহলের।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন