নাইজেরিয়ায় শেষকৃত্যে যাওয়ার পথে নৌকাডুবি, নিহত ২৪

নাইজেরিয়ার দক্ষিণাঞ্চলে শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দিতে যাওয়ার পথে নৌকাডুবিতে অন্তত ২৪ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। নিখোঁজ ব্যক্তিদের সন্ধানে উদ্ধার অভিযান চলছে।
রোববার (২২ নভেম্বর) দেশটির জরুরি সেবা সংস্থার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।
নাইজেরিয়ার জাতীয় জরুরি ব্যবস্থাপনা সংস্থার মুখপাত্র মানজো এজেকি এক বিবৃতিতে জানান, শুক্রবার (২০ নভেম্বর) দক্ষিণাঞ্চলীয় বায়েলসা রাজ্যে এক এলাকা থেকে অন্য এলাকায় শেষকৃত্য অনুষ্ঠানে অংশ নিতে যাত্রীদের নিয়ে যাচ্ছিল নৌকাটি। পথে সেটি ডুবে যায়। নিখোঁজ ব্যক্তির সংখ্যা নির্দিষ্ট করে জানাতে না পারলেও তিনি বলেছেন, ঘটনাস্থলে অনুসন্ধান ও উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।
এর আগে শুক্রবার পুলিশের মুখপাত্র মুসা মোহাম্মদ জানিয়েছিলেন, দুর্ঘটনার পর ২৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। তাঁদের চিকিৎসার ব্যবস্থাও করা হয়েছে। তবে নৌকাটিতে মোট কতজন যাত্রী ছিলেন, তা এখনো নিশ্চিত করেনি কর্তৃপক্ষ।
মুসা মোহাম্মদের ভাষ্য, প্রাথমিক তদন্তে নৌযানটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দেওয়ার তথ্য পাওয়া গেছে। যাত্রীরা চালককে নৌকাটি তীরের দিকে নেওয়ার অনুরোধ করেছিলেন, কিন্তু তিনি তা উপেক্ষা করেন বলে অভিযোগ রয়েছে। দুর্ঘটনার পর চালক ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তবে নৌকাটির ব্যবস্থাপককে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
দুর্ঘটনার পর বায়েলসা রাজ্য সরকার নৌচালক ও যাত্রীদের নিরাপত্তাবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে। শনিবার দেওয়া এক বিবৃতিতে রাজ্যের তথ্য কমিশনার এবিউউ কোকু-ওবিয়াই বলেন, ‘অতিরিক্ত যাত্রী বহন, বেপরোয়া গতি এবং লাইফ জ্যাকেট ছাড়া ভ্রমণ অবশ্যই বন্ধ করতে হবে। কোনো যাত্রাই জীবনের চেয়ে মূল্যবান নয়।’
নাইজেরিয়ায় নৌদুর্ঘটনা প্রায়ই ঘটে। নিরাপত্তাবিধির যথাযথ প্রয়োগ না থাকায় দেশটিতে অনেক সময় ত্রুটিপূর্ণ নৌযানে লাইফ জ্যাকেট ছাড়াই যাত্রী পরিবহন করা হয়। অতিরিক্ত যাত্রী বহন ও নিরাপত্তা সরঞ্জামের অভাবও এসব দুর্ঘটনার ঝুঁকি বাড়ায়।