রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘রূপনগরের রাজকন্যা’ হয়ে নতুন গানে সালমা স্বর্ণের দাম কমায় দুবাইয়ের গয়নার দোকানে ক্রেতাদের ভিড় নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর রোহিঙ্গা গণহত্যার রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর সাদিক কায়েমের বাড়িতে হামলার নিন্দা ছাত্রশিবিরের, গ্রেপ্তারের দাবি নতুন প্রশিক্ষণকেন্দ্রে বিসিবির বিনিয়োগের ৭০ শতাংশ অর্থ আসবে স্পনসরশিপে মৎস্য রপ্তানি বাড়াতে পিছিয়ে থাকার কারণ খুঁজে দেখার আহ্বান প্রতিমন্ত্রীর শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • মৎস্য রপ্তানি বাড়াতে পিছিয়ে থাকার কারণ খুঁজে দেখার আহ্বান প্রতিমন্ত্রীর

    মৎস্য রপ্তানি বাড়াতে পিছিয়ে থাকার কারণ খুঁজে দেখার আহ্বান প্রতিমন্ত্রীর
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    তৈরি পোশাক খাতের পর একসময় দেশের রপ্তানি আয়ে গুরুত্বপূর্ণ অবদান ছিল মৎস্য খাতের। বিপুল সম্ভাবনা থাকা সত্ত্বেও এ খাত কেন প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারছে না, তা পর্যালোচনা করে রপ্তানি আয় বাড়াতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন মৎস্য ও প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু।

    রোববার (২২ নভেম্বর) মৎস্য ভবনে বিশ্ব মৎস্য দিবস ২০২৬ উপলক্ষে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ আহ্বান জানান।

    প্রতিমন্ত্রী বলেন, মাছ বাংলাদেশের ঐতিহ্য, সংস্কৃতি ও খাদ্যাভ্যাসের অবিচ্ছেদ্য অংশ। বর্তমানে দেশে বছরে প্রায় ৫১ লাখ মেট্রিক টন মাছ উৎপাদিত হচ্ছে। দেশের অভ্যন্তরীণ চাহিদা পূরণের পাশাপাশি এ খাত থেকে রপ্তানি আয় বাড়ানোরও যথেষ্ট সুযোগ রয়েছে।

    তিনি বলেন, একসময় তৈরি পোশাক খাতের পরই মৎস্য খাতের রপ্তানি আয় ছিল উল্লেখযোগ্য। এত সম্ভাবনা থাকার পরও এ খাত কেন প্রত্যাশিত অগ্রগতি অর্জন করতে পারছে না, তা খতিয়ে দেখে প্রয়োজনীয় উদ্যোগ নিতে হবে।

    মাছের স্বাদ ও গুণগত মান কমে যাওয়ার কারণ অনুসন্ধানের ওপরও গুরুত্ব দেন প্রতিমন্ত্রী। তিনি বলেন, মাছের প্রাকৃতিক আবাসস্থল ও বেড়ে ওঠার পরিবেশ সংরক্ষণ করা জরুরি। নদী-খালের নাব্যতা কমে যাওয়া, পানিদূষণ এবং শিল্পকারখানার বর্জ্য জলাশয়ে মিশে যাওয়ার কারণে মাছের উৎপাদন ও স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হচ্ছে। এ পরিস্থিতি মোকাবিলায় শিল্পবর্জ্য পরিশোধন নিশ্চিত করার পাশাপাশি নদী-খালের দূষণ রোধে কার্যকর ব্যবস্থা নিতে হবে।

    সুলতান সালাউদ্দিন টুকু বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে ২০ হাজার কিলোমিটার খাল খনন ও নদী পুনঃখননের ঘোষণা দিয়েছেন। এ কর্মসূচি বাস্তবায়িত হলে পানিপ্রবাহ স্বাভাবিক রাখা এবং জলজ পরিবেশের উন্নয়নে ইতিবাচক প্রভাব পড়বে। বিশেষ করে ইলিশের প্রজনন ও বিচরণক্ষেত্রের নদী ও মোহনায় নাব্যতা ফিরিয়ে আনতে কার্যকর উদ্যোগ প্রয়োজন। নদী-খালের স্বাভাবিক পরিবেশ পুনরুদ্ধার করা গেলে মাছের প্রজনন ও উৎপাদন বাড়বে।

    তিনি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের শাসনামলে খাল খননের মাধ্যমে মৎস্যসম্পদ উন্নয়নে যে উদ্যোগ নেওয়া হয়েছিল, সেই অভিজ্ঞতাও কাজে লাগানো যেতে পারে।

    মৎস্য খাতের উন্নয়নে গবেষক, বিশেষজ্ঞ, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট সবাইকে সমন্বিতভাবে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী। তিনি বলেন, দেশের জনশক্তিকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে হবে। প্রত্যেকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালন করলে এ খাতের বিদ্যমান চ্যালেঞ্জ মোকাবিলা করে উৎপাদন, রপ্তানি ও কর্মসংস্থান বাড়ানো সম্ভব হবে।

    মৎস্য অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. খালেদ কনকের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব মো. দেলোয়ার হোসেন।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন