রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘রূপনগরের রাজকন্যা’ হয়ে নতুন গানে সালমা স্বর্ণের দাম কমায় দুবাইয়ের গয়নার দোকানে ক্রেতাদের ভিড় নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর রোহিঙ্গা গণহত্যার রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর সাদিক কায়েমের বাড়িতে হামলার নিন্দা ছাত্রশিবিরের, গ্রেপ্তারের দাবি নতুন প্রশিক্ষণকেন্দ্রে বিসিবির বিনিয়োগের ৭০ শতাংশ অর্থ আসবে স্পনসরশিপে মৎস্য রপ্তানি বাড়াতে পিছিয়ে থাকার কারণ খুঁজে দেখার আহ্বান প্রতিমন্ত্রীর শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • নতুন প্রশিক্ষণকেন্দ্রে বিসিবির বিনিয়োগের ৭০ শতাংশ অর্থ আসবে স্পনসরশিপে

    নতুন প্রশিক্ষণকেন্দ্রে বিসিবির বিনিয়োগের ৭০ শতাংশ অর্থ আসবে স্পনসরশিপে
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    ক্রিকেটারদের আধুনিক প্রশিক্ষণ ও চোট থেকে পুনর্বাসনের সুবিধা বাড়াতে নতুন ট্রেনিং ও রিকভারি সেন্টার নির্মাণ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই প্রকল্পে পাঁচ বছরের জন্য স্পনসর হয়েছে প্রাইম ব্যাংক। স্পনসরশিপ থেকে প্রকল্পে বিসিবির মোট বিনিয়োগের প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ অর্থ ফিরে আসবে বলে জানিয়েছেন বোর্ড সভাপতি তামিম ইকবাল।

    রোববার (২২ নভেম্বর) এক সংবাদ সম্মেলনে নতুন কেন্দ্রের অগ্রগতি ও স্পনসরশিপের বিষয়টি তুলে ধরেন তিনি। তামিম জানান, ক্রিকেটারদের অনুশীলন, শারীরিক সক্ষমতা বৃদ্ধি এবং চোটের পর পুনর্বাসনের জন্য আধুনিক সুযোগ-সুবিধাসম্পন্ন এই কেন্দ্র নির্মাণ করা হচ্ছে। এর নাম রাখা হতে পারে ‘বিসিবি ট্রেনিং অ্যান্ড রিকভারি সেন্টার’। আগামী এক থেকে দেড় মাসের মধ্যে নির্মাণকাজ শেষ করার আশা করছে বোর্ড।

    কেন্দ্রটির জন্য গত তিন-চার মাস ধরে স্পনসর খুঁজছিল বিসিবি। একাধিক প্রতিষ্ঠানের সঙ্গে আলোচনার পর প্রাইম ব্যাংকের সঙ্গে পাঁচ বছরের চুক্তি হয়েছে।

    তামিম বলেন, ‘এটাকে আমরা বিসিবি ট্রেনিং অ্যান্ড রিকভারি সেন্টার নাম দেওয়ার চিন্তা করছি। এই প্রকল্পে আমরা বিনিয়োগ করেছি। পাশাপাশি গত তিন-চার মাস ধরে চেষ্টা করছিলাম ভালো একটি স্পনসরশিপ পাওয়ার। খুব গর্বের সঙ্গে বলতে পারি, প্রাইম ব্যাংক আগামী পাঁচ বছরের জন্য স্পনসরশিপ নিয়েছে।’

    চুক্তির আর্থিক মূল্য প্রকাশ করেননি বিসিবি সভাপতি। স্পনসর প্রতিষ্ঠানের অনুরোধের কারণে অর্থের পরিমাণ গোপন রাখা হচ্ছে বলে জানান তিনি।

    তামিম বলেন, ‘টাকার অঙ্কটা ঠিক কত, সেটা বলতে পারব না। কারণ স্পনসর প্রতিষ্ঠান সেটি প্রকাশ করতে চায় না। আমাদের তাদের সিদ্ধান্তকে সম্মান করতে হবে। তবে একটা ধারণা দিতে পারি, এই প্রকল্পে বিসিবির যে বিনিয়োগ হয়েছে, তার প্রায় ৬০ থেকে ৭০ শতাংশ আমরা পাঁচ বছরের স্পনসরশিপের মাধ্যমে ফেরত পাব।’

    অর্থাৎ পাঁচ বছরের চুক্তি থেকে পাওয়া অর্থে প্রকল্পে বিসিবির নিজস্ব বিনিয়োগের বড় একটি অংশ উঠে আসবে বলে আশা করছে বোর্ড। এতে আধুনিক অবকাঠামো নির্মাণে বিসিবির আর্থিক চাপও কমবে। তবে চুক্তির মোট মূল্য এবং প্রকল্পের নির্মাণব্যয় প্রকাশ না করায় স্পনসরশিপ থেকে ঠিক কত টাকা পাওয়া যাবে, তা জানা যায়নি।

    তামিমের দাবি, এই স্পনসরশিপের সঙ্গে বিসিবির অন্য কোনো বাণিজ্যিক চুক্তি বা অতিরিক্ত সুবিধা যুক্ত নেই। বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যৎ পরিকল্পনা এবং খেলোয়াড়দের জন্য উন্নত অবকাঠামোর প্রয়োজনীয়তা বিবেচনা করেই প্রাইম ব্যাংক এ উদ্যোগে যুক্ত হয়েছে।

    চুক্তি চূড়ান্ত করার আগে ব্যাংকটির ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে একাধিক বৈঠক করেন বিসিবি সভাপতি। এসব আলোচনায় বোর্ড কর্মকর্তাদের পাশাপাশি বিপণন বিভাগের প্রতিনিধি ও কয়েকজন ক্রিকেটারও অংশ নেন।

    তামিম জানান, বৈঠকগুলোতে ক্রিকেটারদের জন্য আধুনিক প্রশিক্ষণ ও পুনর্বাসনকেন্দ্রের প্রয়োজনীয়তা তুলে ধরা হয়। আন্তর্জাতিক ক্রিকেটে প্রতিদ্বন্দ্বিতা বাড়াতে শারীরিক সক্ষমতা উন্নয়ন, ফিটনেস ধরে রাখা এবং চোটের পর দ্রুত ও কার্যকর পুনর্বাসনের জন্য উন্নত সুযোগ-সুবিধার গুরুত্ব ব্যাখ্যা করা হয়। বিসিবির পরিকল্পনায় আস্থা রেখে দীর্ঘমেয়াদি স্পনসরশিপে সম্মত হওয়ায় প্রাইম ব্যাংকের প্রতি কৃতজ্ঞতাও জানান তিনি।

    প্রাইম ব্যাংকের সঙ্গে বিসিবির সম্পর্ক অবশ্য দীর্ঘদিনের। ২০১৫ সাল থেকে প্রতিষ্ঠানটি জাতীয় স্কুল ক্রিকেটের পৃষ্ঠপোষকতা করে আসছে। দেশের বিভিন্ন অঞ্চল থেকে প্রতিভাবান তরুণ ক্রিকেটার তুলে আনার এই প্রতিযোগিতার সঙ্গে যুক্ত থাকার পর এবার খেলোয়াড়দের প্রশিক্ষণ ও পুনর্বাসনের অবকাঠামো উন্নয়নেও অংশীদার হচ্ছে ব্যাংকটি।

    তামিমের নেতৃত্বাধীন বিসিবি সাম্প্রতিক সময়ে ক্রিকেটের অবকাঠামো উন্নয়নে গুরুত্ব দিচ্ছে। জাতীয় দল ও বয়সভিত্তিক পর্যায়ের ক্রিকেটারদের জন্য মানসম্মত অনুশীলনব্যবস্থা, ফিটনেস প্রশিক্ষণ এবং চোটের পর পুনর্বাসনের সুযোগ বাড়ানো এ পরিকল্পনার অন্যতম লক্ষ্য। নতুন ট্রেনিং ও রিকভারি সেন্টার নির্মাণও সেই উদ্যোগের অংশ।

    কেন্দ্রটির কাজ শেষ পর্যায়ে রয়েছে জানিয়ে তামিম বলেন, ‘আশা করছি, এক থেকে দেড় মাসের মধ্যে পুরো সুবিধাটি সম্পূর্ণ প্রস্তুত হয়ে যাবে। তখন আপনারা দেখতে পারবেন, প্রাইম ব্যাংকও এই উদ্যোগের অংশ।’

    বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে দীর্ঘমেয়াদি স্পনসরশিপ নিশ্চিত হওয়াকে বিসিবির জন্য গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন বোর্ড সভাপতি। তাঁর আশা, নতুন কেন্দ্র চালু হলে ক্রিকেটারদের প্রশিক্ষণ ও পুনর্বাসনের সুযোগ বাড়বে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের আরও অবকাঠামো উন্নয়নের পথও তৈরি হবে।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন