নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর

নতুন মজুরি বোর্ডের মাধ্যমে শ্রমিকদের প্রত্যাশা পূরণ হবে বলে আশা প্রকাশ করেছেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী। তিনি বলেছেন, তৈরি পোশাক খাতকে ঘিরে চলমান ষড়যন্ত্রের বিরুদ্ধে জনগণ সোচ্চার রয়েছে।
রোববার (২২ নভেম্বর) রাজধানীর হোটেল প্যান প্যাসিফিক সোনারগাঁওয়ে আয়োজিত ‘দ্বিতীয় আন্তর্জাতিক পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা গবেষণা সম্মেলন ২০২৬’-এ বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং আন্তর্জাতিক শ্রম সংস্থার (আইএলও) উদ্যোগে আয়োজিত এ সম্মেলনে সহযোগিতা করেছে ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন ও কানাডা।
আগামী এক বছরের মধ্যে মালিক ও শ্রমিকদের একই পরিবেশে দেখতে চান জানিয়ে শ্রমমন্ত্রী বলেন, এ সম্মেলন গবেষক, নীতিনির্ধারক, মালিক ও শ্রমিকদের একসঙ্গে কাজ করার গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করেছে। ক্ষুদ্র ও মাঝারি শিল্পের নিরাপত্তা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি, পেশাগত রোগ, রাসায়নিক পদার্থের প্রভাব এবং নারী ও তরুণ শ্রমিকদের নিরাপত্তার মতো বিষয়গুলো নিয়ে গবেষণা জরুরি।
তিনি বলেন, এসব গবেষণার ফলাফল দেশের নীতিমালা প্রণয়ন, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের (ডাইফ) পরিদর্শন কার্যক্রম এবং ন্যাশনাল অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ ট্রেনিং অ্যান্ড রিসার্চ ইনস্টিটিউটের (নশট্রি) প্রশিক্ষণ কর্মসূচিকে আরও কার্যকর করতে সহায়তা করবে।
শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করতে পাঁচটি বিষয়ে বিশেষ গুরুত্ব দেন আরিফুল হক চৌধুরী। এগুলো হলো—গবেষণা ও নির্ভরযোগ্য তথ্যের ভিত্তিতে শ্রমনীতি প্রণয়ন এবং পরিদর্শন কার্যক্রম জোরদার করা; ডাইফ ও নশট্রির প্রাতিষ্ঠানিক ও কারিগরি সক্ষমতা বাড়ানো; নারী, তরুণ ও অনানুষ্ঠানিক খাতের শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা; পেশাগত দুর্ঘটনা ও রোগ প্রতিরোধে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং সরকার, মালিক, শ্রমিক, গবেষক ও উন্নয়ন সহযোগীদের পারস্পরিক সহযোগিতা শক্তিশালী করা।
এ সময় বাস্তবমুখী গবেষণা পরিচালনার জন্য গবেষক ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর প্রতি আহ্বান জানান শ্রমমন্ত্রী। বাংলাদেশে নিরাপদ কর্মপরিবেশ ও শ্রমিক অধিকার প্রতিষ্ঠায় সহযোগিতার জন্য ইউরোপীয় ইউনিয়ন, ডেনমার্ক, নেদারল্যান্ডস, সুইডেন, কানাডাসহ উন্নয়ন সহযোগী, গবেষক, মালিক ও শ্রমিক সংগঠনের প্রতিনিধিদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেন, বর্তমান সরকার শ্রমিকদের অধিকার নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা করছে। তবে শ্রমিক অসন্তোষকে কেন্দ্র করে ধ্বংসাত্মক কর্মকাণ্ডের মাধ্যমে একটি পক্ষ দেশের পাশাপাশি তৈরি পোশাক খাতকেও ক্ষতিগ্রস্ত করতে চায়।
তিনি বলেন, দেশের অন্যতম প্রধান তৈরি পোশাক খাত রক্ষার দায়িত্ব সবার।
প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন বলেন, পেশাগত স্বাস্থ্য ও নিরাপত্তা নিশ্চিত করতে কলকারখানার মালিক, শ্রমিকপক্ষ ও সরকারকে একসঙ্গে কাজ করতে হবে।
মজুরি বৃদ্ধিতে সরকারের পদক্ষেপের কথা তুলে ধরে তিনি বলেন, ‘শ্রম আইন ২০২৬’-এ শ্রমিকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হয়েছে। এর আগে ২০১৩, ২০১৮ ও ২০২৩ সালে পাঁচ বছর পরপর তৈরি পোশাক খাতে মজুরি বাড়ানো হয়েছিল। তবে এবার ইতিহাসে প্রথমবারের মতো বর্তমান সরকার দায়িত্ব নেওয়ার স্বল্প সময়ের মধ্যে, মাত্র তিন বছরের মাথায় নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী মজুরি বোর্ড গঠন করেছে।
মজুরি বোর্ডের চেয়ারম্যান ও সদস্যদের প্রতি আস্থা প্রকাশ করে মাহদী আমিন বলেন, শ্রমিকপক্ষ, মালিকপক্ষ ও নিরপেক্ষ প্রতিনিধিরা দ্রুত একটি ন্যায়সংগত মজুরি নির্ধারণ করবেন। এ ক্ষেত্রে সরকার সর্বোচ্চ সহযোগিতা করবে।
সম্মেলনে শ্রম ও কর্মসংস্থান সচিব মো. আব্দুর রহমান তরফদার, ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার, আইএলওর কান্ট্রি ডিরেক্টর ম্যাক্স টুনন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি ফজলে শামীম এহসান, শ্রম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুর রহিম খান এবং শ্রমিক দলের নেতা আনোয়ার হোসাইন উপস্থিত ছিলেন। এ ছাড়া বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের গবেষক, আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধি ও শ্রম মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।