২০৩১ সালের মধ্যে জিডিপিতে এসএমই খাতের অবদান ৩৫ শতাংশ করার লক্ষ্য

দেশের অর্থনৈতিক উন্নয়ন ও স্বনির্ভরতা অর্জনে ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (এসএমই) উৎপাদন ও বিকাশের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেছেন, বাংলাদেশকে ‘ম্যানুফ্যাকচারিং হাব’ ও ‘এক্সপোর্টিং গেটওয়ে’ হিসেবে প্রতিষ্ঠা করাই জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর খসড়ার মূল লক্ষ্য।
রোববার (২২ নভেম্বর) ১৩তম জাতীয় এসএমই পণ্য মেলার উদ্বোধনী অনুষ্ঠানে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।
তারেক রহমান বলেন, ২০২৯ সালে স্বল্পোন্নত দেশের (এলডিসি) তালিকা থেকে বাংলাদেশের উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ, পরিবর্তিত অর্থনৈতিক বাস্তবতা ও বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতি বিবেচনায় সরকার জাতীয় এসএমই নীতিমালা ২০২৬-এর খসড়া তৈরি করেছে। শিগগিরই এটি মন্ত্রিসভায় অনুমোদনের জন্য উপস্থাপন করা হবে।
প্রস্তাবিত নীতিমালা বাস্তবায়নের মাধ্যমে ২০৩১ সালের মধ্যে কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্প খাতের অবদান মোট দেশজ উৎপাদনে (জিডিপি) ৩৫ শতাংশে উন্নীত করার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। একই সময়ে এ খাতে ২৫ লাখ নতুন কর্মসংস্থান সৃষ্টির পরিকল্পনাও রয়েছে।
প্রধানমন্ত্রী বলেন, ২০৩৪ সালের মধ্যে বাংলাদেশের অর্থনীতিকে ১ ট্রিলিয়ন মার্কিন ডলারে উন্নীত করতে হলে বড় শিল্পের পাশাপাশি মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি শিল্পকে জাতীয় উৎপাদনব্যবস্থা, সরবরাহ শৃঙ্খল এবং দেশি-বিদেশি মূল্য শৃঙ্খলের সঙ্গে যুক্ত করতে হবে।
এসএমই খাতকে শুধু স্থানীয় বাজারে সীমাবদ্ধ না রেখে বড় শিল্পের সহযোগী উৎপাদক, যন্ত্রাংশ ও উপকরণ সরবরাহকারী এবং রপ্তানিমুখী উৎপাদনব্যবস্থার অংশ হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্ব দেন তিনি।
তারেক রহমান বলেন, তৈরি পোশাক শিল্পের পাশাপাশি চামড়াজাত পণ্য, লাইট ইঞ্জিনিয়ারিং, কৃষিপণ্য প্রক্রিয়াজাতকরণ, প্লাস্টিক, হস্তশিল্প, তথ্যপ্রযুক্তি ও সৃজনশীল শিল্পে উদ্যোক্তাদের সক্ষমতা বাড়াতে হবে।
এ সময় দেশে প্রথমবারের মতো গার্মেন্ট শিল্প প্রতিষ্ঠা এবং বিদেশে শ্রমশক্তি রপ্তানির ধারা শুরুর জন্য শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্মরণ করেন প্রধানমন্ত্রী।
ইতালির অঞ্চলভিত্তিক বিশেষায়িত শিল্প উৎপাদনব্যবস্থা বা ‘ইন্ডাস্ট্রিয়াল ক্লাস্টার’-এর উদাহরণ দিয়ে তারেক রহমান বলেন, এসএমই ফাউন্ডেশন ইতিমধ্যে দেশের ১৭৭টি সম্ভাবনাময় শিল্প ক্লাস্টার চিহ্নিত করেছে। এসব ক্লাস্টারকে ‘ওয়ান ভিলেজ ওয়ান প্রোডাক্ট’ অথবা ‘ক্রিয়েটিভ ইকোনমি’ কর্মসূচির আওতায় আনার উদ্যোগ নেওয়া হয়েছে।
স্থানীয় ঐতিহ্যবাহী ও সৃজনশীল পণ্যের উন্নয়নে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে ন্যাশনাল ক্রিয়েটিভ ও ডিজাইন সেন্টার প্রতিষ্ঠার পরিকল্পনার কথাও জানান তিনি। পাশাপাশি আঞ্চলিক পর্যায়েও এ কেন্দ্রের কার্যক্রম সম্প্রসারণের আশা প্রকাশ করেন।
আন্তর্জাতিক বাজারে এসএমই পণ্যের প্রবেশ বাড়ানোর বিষয়ে প্রধানমন্ত্রী বলেন, সিঙ্গাপুর, লন্ডন ও প্যারিসের মতো আন্তর্জাতিক বাণিজ্যকেন্দ্রে সরকারি উদ্যোগে মেলার আয়োজন করতে অর্থমন্ত্রী ও বাণিজ্যমন্ত্রীর সঙ্গে আলোচনা করেছেন তিনি।
সম্প্রতি তুরস্কে কপ-৩১ সম্মেলনে বাংলাদেশের স্টলে পাটসহ বিভিন্ন পণ্যের প্রতি বিদেশি ক্রেতাদের আগ্রহের অভিজ্ঞতা তুলে ধরে তিনি বলেন, বিদেশি ক্রেতাদের কাছ থেকে তাৎক্ষণিক অর্ডার নেওয়ার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি ও ব্যাংকিং সুবিধা নিশ্চিত করতে হবে।
সরকারের পরিকল্পনা তুলে ধরে প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরে এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে কমপক্ষে ৫০ হাজার উদ্যোক্তাকে ব্র্যান্ডিং, ডিজিটাল মার্কেটিং ও ই-কমার্স বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হবে। ‘মেইড ইন বাংলাদেশ’ ও ‘ক্রিয়েটিভ ইন বাংলাদেশ’ ব্র্যান্ডের মাধ্যমে পণ্যের বাজার সম্প্রসারণের পাশাপাশি ভৌগোলিক নির্দেশক (জিআই) স্বীকৃতি, ট্রেডমার্ক ও ডিজাইন নিবন্ধনে সহায়তা দেওয়া হবে।
ব্যবসা শুরু ও পরিচালনার ক্ষেত্রে প্রশাসনিক জটিলতা, দীর্ঘসূত্রতা এবং ব্যয় কমানোর উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তিনি। পাশাপাশি এসএমই খাতের জন্য পিটিআর প্রবর্তনের বিষয়টি বিবেচনায় রয়েছে।
এ ছাড়া এসএমই ফাউন্ডেশনের ‘এসএমই সৃষ্টি’ কর্মসূচির আওতায় আগামী চার বছরে দেশের ৬৪ জেলায় প্রতিবছর ১০০ জন করে নতুন উদ্যোক্তা তৈরির পরিকল্পনা রয়েছে। এ কর্মসূচির মাধ্যমে চার বছরে ২৫ হাজারের বেশি নতুন উদ্যোক্তা গড়ে তোলার লক্ষ্য নির্ধারণ করা হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী।