সাদিক কায়েমের বাড়িতে হামলার নিন্দা ছাত্রশিবিরের, গ্রেপ্তারের দাবি

ডাকসুর সহসভাপতি (ভিপি) ও ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় আন্তর্জাতিক সম্পাদক সাদিক কায়েমের খাগড়াছড়ির বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির। এ হামলার জন্য নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগের দুষ্কৃতকারীদের দায়ী করে সংগঠনটি বলেছে, পরিবারের সদস্যরা ঘুমিয়ে থাকা অবস্থায় তাঁদের প্রাণনাশের উদ্দেশ্যে এ হামলা চালানো হয়েছে।
রোববার (২২ নভেম্বর) দেওয়া এক যৌথ বিবৃতিতে ছাত্রশিবিরের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম ও সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ এ নিন্দা জানান। একই সঙ্গে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকারের ব্যর্থতার অভিযোগও তোলেন তাঁরা।
বিবৃতিতে বলা হয়, রোববার রাত সাড়ে ৩টার দিকে সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ করা হয়। পরিবারের সদস্যরা যাতে প্রাণ বাঁচাতে বাড়ি থেকে বের হতে না পারেন, সে উদ্দেশ্যে বাড়ির প্রবেশপথে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ করেন নেতারা। ঘুমন্ত অবস্থায় পরিবারের সদস্যদের লক্ষ্য করে এ ধরনের হামলা ও অগ্নিসংযোগকে তাঁরা নৃশংস ও কাপুরুষোচিত বলে উল্লেখ করেন।
বিবৃতিতে আরও বলা হয়, এর আগে ডাকসুর সাহিত্য ও সংস্কৃতি সম্পাদক মোসাদ্দেক আলী ইবনে মোহাম্মদের পৈতৃক বাড়িতেও অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটেছে।
ছাত্রশিবিরের নেতাদের অভিযোগ, ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানের মুখে দেশ ছেড়ে পালিয়ে যাওয়া নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ আবারও দেশে সন্ত্রাস ও নাশকতা ছড়ানোর চেষ্টা করছে। সাম্প্রতিক সময়ে গোপালগঞ্জসহ বিভিন্ন স্থানে হত্যাকাণ্ড, জ্বালাও-পোড়াও, সরকারি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠান, থানা ও ব্যাংকে হামলা এবং বিরোধী মতের নেতাকর্মীদের বাড়িঘর ও ব্যবসাপ্রতিষ্ঠানে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগের ঘটনা ঘটছে। এসব তৎপরতার মাধ্যমে দেশে অস্থিতিশীলতা তৈরির চেষ্টা চলছে বলে দাবি করেন তাঁরা। তবে তা প্রতিরোধে সরকারের কার্যকর ভূমিকা দেখা যাচ্ছে না বলেও অভিযোগ করেন।
বিবৃতিতে বিএনপি সরকারেরও সমালোচনা করেন ছাত্রশিবিরের দুই শীর্ষ নেতা। তাঁদের ভাষ্য, একদিকে সরকার গণভোটের রায় প্রত্যাখ্যান করে জুলাইয়ে গড়ে ওঠা জাতীয় ঐক্যের মধ্যে বিভক্তি তৈরি করছে। অন্যদিকে গণহত্যায় জড়িত আওয়ামী লীগের সন্ত্রাসীদের বিচার না করে আশ্রয়-প্রশ্রয় দেওয়ার মাধ্যমে ফ্যাসিবাদীদের আবারও সক্রিয় হওয়ার সুযোগ করে দিচ্ছে।
এ পরিস্থিতিতে দেশের আইনশৃঙ্খলা সরকারের নিয়ন্ত্রণের বাইরে চলে গেছে বলে দাবি করেন তাঁরা। জাতীয় নেতৃবৃন্দ, ছাত্রপ্রতিনিধি এবং জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্রনেতাদের ব্যক্তিগত নিরাপত্তা ও তাঁদের পরিবারের সুরক্ষা নিশ্চিত করতেও সরকার ব্যর্থ হচ্ছে বলে অভিযোগ করেন ছাত্রশিবিরের নেতারা।
বিবৃতিতে সাদিক কায়েমের বাড়িতে পেট্রোল বোমা নিক্ষেপ ও অগ্নিসংযোগসহ দেশজুড়ে নাশকতার ঘটনায় জড়িত ব্যক্তিদের দ্রুত গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানানো হয়। পাশাপাশি নাগরিক ও ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের নেতাদের লক্ষ্য করে ধারাবাহিক হামলা ও নাশকতা বন্ধে সরকারকে অবিলম্বে কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তাঁরা।
এ ছাড়া গণহত্যার বিচার দ্রুত নিষ্পত্তি, গণভোটের রায় মেনে নেওয়া এবং জুলাই সনদের ভিত্তিতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় প্রয়োজনীয় উদ্যোগ নিতে সরকারের প্রতি আহ্বান জানানো হয়।