রবিবার, ২২ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • ‘রূপনগরের রাজকন্যা’ হয়ে নতুন গানে সালমা স্বর্ণের দাম কমায় দুবাইয়ের গয়নার দোকানে ক্রেতাদের ভিড় নতুন মজুরি বোর্ডে শ্রমিকদের প্রত্যাশা পূরণের আশা শ্রমমন্ত্রীর রোহিঙ্গা গণহত্যার রায়ের অনুলিপি গাম্বিয়ার প্রেসিডেন্টকে হস্তান্তর সাদিক কায়েমের বাড়িতে হামলার নিন্দা ছাত্রশিবিরের, গ্রেপ্তারের দাবি নতুন প্রশিক্ষণকেন্দ্রে বিসিবির বিনিয়োগের ৭০ শতাংশ অর্থ আসবে স্পনসরশিপে মৎস্য রপ্তানি বাড়াতে পিছিয়ে থাকার কারণ খুঁজে দেখার আহ্বান প্রতিমন্ত্রীর শিশুদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে নীতিমালা প্রণয়নে বিশেষজ্ঞ কমিটি গঠনের নির্দেশ শ্রমবাজারের চাহিদা অনুযায়ী দক্ষ মানবসম্পদ গড়ার আহ্বান রাষ্ট্রপতির পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে ফ্রান্সের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ
  • স্বর্ণের দাম কমায় দুবাইয়ের গয়নার দোকানে ক্রেতাদের ভিড়

    স্বর্ণের দাম কমায় দুবাইয়ের গয়নার দোকানে ক্রেতাদের ভিড়
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    বিশ্ববাজারে স্বর্ণের দাম কমে যাওয়ার প্রভাব পড়েছে সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের গয়নার বাজারে। দাম কমায় দেশটির বিভিন্ন জুয়েলারি শোরুমে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। বিয়ে, বিবাহবার্ষিকী, উৎসব ও উপহার দেওয়ার জন্য যারা উচ্চ দামের কারণে স্বর্ণালংকার কেনা স্থগিত রেখেছিলেন, তারা আবারও কেনাকাটায় ফিরছেন। পাশাপাশি পুরোনো গয়না বদলে নতুন গয়না কেনা, আগাম বুকিং এবং বিনিয়োগের জন্য স্বর্ণ কেনার প্রবণতাও বাড়ছে।

    রোববার (২২ নভেম্বর) প্রকাশিত এক প্রতিবেদনে এসব তথ্য জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতভিত্তিক সংবাদমাধ্যম খালিজ টাইমস।

    প্রতিবেদনে বলা হয়, শনিবার দুবাইয়ের বাজারে প্রতি ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) ২৪ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রায় ১ লাখ ৬৮ হাজার ১০০ টাকা। একই পরিমাণ ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল প্রায় ১ লাখ ৫৫ হাজার ৫৫৪ টাকা। গত এক মাসে প্রতি ভরি স্বর্ণের দাম কমেছে প্রায় ২৩ হাজার ৩৫৬ টাকা। চলতি বছরে দাম কমেছে ৩৬ হাজার ৬৬৫ টাকারও বেশি।

    অন্যদিকে সপ্তাহ শেষে আন্তর্জাতিক বাজারে প্রতি আউন্স স্বর্ণের দাম নেমে এসেছে ৩ হাজার ৫২৪ দশমিক ৮ ডলারে। এক সপ্তাহে দাম কমেছে ৪ দশমিক ৩৩ শতাংশ। সুদের হার বাড়ার আশঙ্কা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) খাতের প্রতিষ্ঠানগুলোর শেয়ারে দরপতনের প্রভাবে স্বর্ণের বাজারে এই নিম্নমুখী প্রবণতা তৈরি হয়েছে।

    বাফলে জুয়েলার্সের ব্যবস্থাপনা পরিচালক চিরাগ ভোরা বলেন, স্বর্ণের দাম তুলনামূলক বেশি থাকায় যারা এত দিন কেনাকাটা থেকে বিরত ছিলেন, তারা এখন আবার পরিকল্পনা অনুযায়ী গয়না কিনছেন। বিশেষ করে বিয়ে, পারিবারিক অনুষ্ঠান ও ব্যক্তিগত ব্যবহারের জন্য স্বর্ণালংকার কেনার আগ্রহ বেড়েছে।

    জয়ালুক্কাস জুয়েলারির প্রধান নির্বাহী কর্মকর্তা জন পল আলুক্কাস জানান, তাদের শোরুমগুলোতে ক্রেতাদের উপস্থিতি উল্লেখযোগ্য হারে বেড়েছে। স্বর্ণের দাম ক্রেতাদের নাগালের মধ্যে আসায় অনেকে দীর্ঘদিন ধরে পছন্দ করে রাখা গয়না কিনছেন। কেউ কেউ বিয়ে, বিবাহবার্ষিকী ও বিভিন্ন অনুষ্ঠানের কথা মাথায় রেখে আগেভাগেই কেনাকাটা করছেন।

    কানজ জুয়েলসের ব্যবস্থাপনা পরিচালক অনিল ধনক বলেন, দাম কমায় ক্রেতাদের মধ্যে ইতিবাচক মনোভাব তৈরি হয়েছে। বেশি দামের কারণে যারা গয়না কেনা কমিয়ে দিয়েছিলেন, তারা এখন আবার কেনার পরিকল্পনা করছেন। সংযুক্ত আরব আমিরাতে বিয়ে, উৎসব ও উপহার দেওয়ার ক্ষেত্রে গয়নার বিশেষ গুরুত্ব রয়েছে। ফলে দাম কমার সঙ্গে সঙ্গে এসব উপলক্ষে কেনাকাটার আগ্রহও বাড়ছে।

    মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসের আন্তর্জাতিক কার্যক্রম বিভাগের ব্যবস্থাপনা পরিচালক শামলাল আহমেদ বলেন, স্বর্ণের দাম কমায় তাদের বিভিন্ন শোরুমে ক্রেতাদের উপস্থিতি বেড়েছে। গয়না কেনার পাশাপাশি বিনিয়োগের উদ্দেশ্যেও অনেকে স্বর্ণ কিনতে আগ্রহ দেখাচ্ছেন।

    আগাম বুকিং ও পুরোনো স্বর্ণ বদলে কেনার প্রবণতা

    দাম কমার পাশাপাশি ক্রেতাদের কেনাকাটার ধরনেও পরিবর্তন দেখা যাচ্ছে। অনেকে গয়নার নকশা চূড়ান্ত করার আগেই নির্দিষ্ট দামে স্বর্ণ কেনার জন্য আগাম বুকিং দিচ্ছেন। পুরোনো গয়না বদলে নতুন গয়না কেনার প্রবণতাও বাড়ছে।

    জন পল আলুক্কাস বলেন, আগাম বুকিংয়ের মাধ্যমে ক্রেতারা স্বর্ণের দাম নিশ্চিত করে পরে পছন্দমতো নকশা বেছে নিচ্ছেন। তরুণদের মধ্যেও প্রথমবার স্বর্ণ কেনার আগ্রহ বাড়ছে। তাদের পছন্দ দৈনন্দিন ব্যবহারের উপযোগী হালকা ও বহুমুখী নকশার গয়না।

    শামলাল আহমেদ জানান, মালাবার গোল্ড অ্যান্ড ডায়মন্ডসে ৫০ ও ১০০ শতাংশ অগ্রিম পরিশোধের মাধ্যমে স্বর্ণের বর্তমান দাম নির্ধারিত রাখার সুযোগ রয়েছে। এ ব্যবস্থায় যথাক্রমে তিন ও ছয় মাসের জন্য দাম ধরে রাখা যায়। এ ছাড়া আধুনিক নকশার দৈনন্দিন ব্যবহারযোগ্য গয়নার প্রতিও ক্রেতাদের আগ্রহ বাড়ছে।

    ২২ ক্যারেট ও ভারী গয়নার প্রতি আগ্রহ

    কানজ জুয়েলসের ব্যবস্থাপনা পরিচালক অনিল ধনক বলেন, কিছু ক্রেতা এখন ২২ ক্যারেট স্বর্ণের গয়না কিনতে বেশি আগ্রহী। আগে বাজেটের বাইরে থাকায় যেসব ভারী গয়না কেনা সম্ভব হয়নি, দাম কমায় সেগুলোর প্রতিও আগ্রহ বাড়ছে। কেনাকাটার আগে ক্রেতারা প্রতিদিনের স্বর্ণের দাম ও গয়না তৈরির মজুরি আরও সতর্কভাবে যাচাই করছেন।

    চিরাগ ভোরা বলেন, দক্ষিণ এশীয় ও আরব ক্রেতাদের মধ্যে ঐতিহ্যবাহী ২২ ক্যারেট গয়নার চাহিদা আবারও বাড়ছে। অনেকে খরচ কমানোর পরিবর্তে নির্ধারিত বাজেটের মধ্যেই তুলনামূলক ভারী গয়না, উন্নত নকশা কিংবা অতিরিক্ত কিছু অলংকার কেনার চেষ্টা করছেন।

    দাম আরও কমার অপেক্ষায় কিছু ক্রেতা

    তবে স্বর্ণের দাম কমলেও সবাই এখনই কেনাকাটায় ঝুঁকছেন না। চিরাগ ভোরার মতে, বাজারে দামের ওঠানামা থাকায় কিছু ক্রেতা আরও দরপতনের অপেক্ষা করছেন। অনিল ধনকও জানান, কেউ কেউ একবারে সব স্বর্ণ না কিনে ধাপে ধাপে কেনার পরিকল্পনা করছেন। আবার অনেকে দাম আরও কমার আশায় আপাতত কেনাকাটা পিছিয়ে দিচ্ছেন।

    অনিল ধনকের মতে, স্বর্ণ কেনার ক্ষেত্রে ক্রেতাদের আগ্রহ নির্ভর করছে তাদের আর্থিক সামর্থ্য, বাজারের প্রতি আস্থা এবং স্বর্ণের সঙ্গে জড়িয়ে থাকা ঐতিহ্য ও আবেগের ওপর।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন