চিঠি দিয়েও কিমের সাড়া পাননি ট্রাম্প, বাড়ছে উত্তর কোরিয়ার পরমাণু শক্তি

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে যোগাযোগে আগ্রহ দেখাচ্ছেন না উত্তর কোরিয়ার নেতা কিম জং উন। ট্রাম্পের একাধিকবার যোগাযোগের চেষ্টা উপেক্ষা করার পাশাপাশি নিজেদের পারমাণবিক অস্ত্রের মজুত ও ক্ষেপণাস্ত্র সক্ষমতা বাড়িয়ে চলেছে পিয়ংইয়ং।
মার্কিন সংবাদমাধ্যম দ্য ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত বছর আনুষ্ঠানিক টেলিফোন লাইনসহ বিভিন্ন যোগাযোগমাধ্যম ব্যবহার করে কিমের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেছিলেন ট্রাম্প। তবে ওয়াশিংটনের এসব উদ্যোগে কোনো সাড়া দেয়নি পিয়ংইয়ং।
যোগাযোগের কোনো সাড়া না পেয়ে কিমের কাছে চিঠি পাঠানোর উদ্যোগ নেন ট্রাম্প। এ বিষয়ে অবগত একাধিক সূত্রের বরাত দিয়ে ওয়াল স্ট্রিট জার্নাল জানায়, নিউইয়র্কে জাতিসংঘের সদরদপ্তরে অবস্থিত উত্তর কোরিয়ার কার্যালয়ের মাধ্যমে চিঠিটি পৌঁছে দেওয়ার পরিকল্পনা করেছিলেন হোয়াইট হাউসের কর্মকর্তারা।
পরিকল্পনা অনুযায়ী, কার্যালয়টির বাইরে অপেক্ষায় ছিলেন মার্কিন কর্মকর্তাদের একটি দল। এ সময় উত্তর কোরিয়ার এক কূটনীতিক সেখান দিয়ে যাওয়ার সময় তাঁর হাতে চিঠিটি তুলে দেন তাঁরা। কিন্তু ওই কূটনীতিক পরে জাতিসংঘের একটি বৈঠকে খোলা হয়নি এমন অবস্থায় চিঠিটি মার্কিন প্রতিনিধির সামনে রেখে দেন।
ট্রাম্পের প্রথম মেয়াদে কিমের সঙ্গে তাঁর তিনবার সাক্ষাৎ হয়েছিল। এসব বৈঠকের অন্যতম লক্ষ্য ছিল উত্তর কোরিয়াকে পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে সরে আসতে রাজি করানো। তবে বর্তমানে কিমের মধ্যে এ বিষয়ে আগ্রহ নেই বলে মনে করা হচ্ছে। ট্রাম্পের সঙ্গে সম্পর্ক পুনর্গঠনেও তিনি আগ্রহী নন বলে ধারণা করা হচ্ছে।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এশিয়া সফরের সময় কিমের সঙ্গে আরেকটি বৈঠকের আয়োজন করতে চেয়েছিলেন ট্রাম্প। শেষ মুহূর্তে এ নিয়ে দুই পক্ষের মধ্যে আলোচনাও হয়। তবে কিমের দেওয়া কিছু শর্ত যুক্তরাষ্ট্র মেনে না নেওয়ায় শেষ পর্যন্ত বৈঠকটি আর হয়নি।
গত বছর প্রকাশিত মার্কিন গোয়েন্দা প্রতিবেদনে বলা হয়েছিল, উত্তর কোরিয়ার কৌশলগত অস্ত্র কর্মসূচি নিয়ে দরকষাকষির মাধ্যমে তা পরিত্যাগ করার কোনো ইচ্ছা নেই কিমের।
২০১৯ সালে ট্রাম্পের সঙ্গে সর্বশেষ সাক্ষাতের পর উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্রের মজুত উল্লেখযোগ্যভাবে বেড়েছে। আগে দেশটির হাতে ২০ থেকে ৩০টি পারমাণবিক ওয়ারহেড ছিল বলে ধারণা করা হলেও বর্তমানে তা প্রায় ৬০টিতে পৌঁছেছে। এ ছাড়া যুক্তরাষ্ট্রে আঘাত হানতে সক্ষম সলিড-ফুয়েলচালিত আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রও (আইসিবিএম) তৈরি করেছে দেশটি।
একই সময়ে যুক্তরাষ্ট্রের বৈরী প্রতিদ্বন্দ্বী রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা বাড়িয়েছে পিয়ংইয়ং। ক্রিপ্টোকারেন্সি চুরির মাধ্যমেও বিপুল অর্থ আয় করছে দেশটি। গত ফেব্রুয়ারিতে দেওয়া এক ভাষণে কিম বলেন, যুক্তরাষ্ট্র যদি উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচিকে মেনে নেয়, তাহলে ওয়াশিংটনের সঙ্গে শান্তিপূর্ণ সম্পর্ক বজায় রাখা সম্ভব। অন্যথায় দুই দেশকে দীর্ঘস্থায়ী বৈরিতার মুখোমুখি হতে হবে।
২০১৭ সালের ১ জানুয়ারি কিম ঘোষণা দিয়েছিলেন, উত্তর কোরিয়া প্রথম আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রস্তুতি নিচ্ছে। তাঁর দাবি ছিল, ক্ষেপণাস্ত্রটি যুক্তরাষ্ট্রে পৌঁছাতে সক্ষম হবে। এর জবাবে সামাজিক যোগাযোগমাধ্যমে ট্রাম্প বলেছিলেন, এমনটি ঘটতে দেবেন না তিনি।
পরবর্তী সময়ে উত্তর কোরিয়ার পারমাণবিক কর্মসূচি নিয়ে আলোচনার আগ্রহ প্রকাশ করেন ট্রাম্প। তবে শুধু সমঝোতার মাধ্যমে বিজয় দাবি করতে চান না উল্লেখ করে তিনি বলেন, উত্তর কোরিয়াকে সম্পূর্ণভাবে পারমাণবিক অস্ত্রমুক্ত দেখতে চান।
২০১৮ সালের সেপ্টেম্বরে কিমের সঙ্গে নিজের সম্পর্কের বর্ণনা দিতে গিয়ে ট্রাম্প বলেছিলেন, তাঁরা একে অপরের প্রেমে পড়েছিলেন।
২০১৯ সালে দুই নেতার সর্বশেষ বৈঠকে কিম উত্তর কোরিয়ার প্রধান ইয়ংবিয়ন পারমাণবিক কমপ্লেক্সের কিছু স্থাপনা বন্ধ করে দেওয়ার প্রস্তাব দেন। এর বিনিময়ে দেশটির ওপর যুক্তরাষ্ট্র ও জাতিসংঘের আরোপিত সব নিষেধাজ্ঞা প্রত্যাহারের দাবি জানান তিনি। তবে এ নিয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়নি।
এদিকে উত্তর কোরিয়ার সলিড-ফুয়েলচালিত ক্ষেপণাস্ত্র দেশটির সামরিক সক্ষমতা আরও বাড়িয়েছে। এসব ক্ষেপণাস্ত্রে আগে থেকেই জ্বালানি ভরে রাখা যায় এবং চলন্ত যানবাহন থেকেও উৎক্ষেপণ সম্ভব। ফলে উৎক্ষেপণের প্রস্তুতি শনাক্ত করা প্রতিপক্ষের জন্য কঠিন হয়ে পড়ে।
২০২২ সালে ইউক্রেনে রাশিয়ার পূর্ণমাত্রার হামলা শুরুর পর মস্কোর প্রতি সমর্থন জানায় পিয়ংইয়ং। একই বছরের শেষ দিকে মার্কিন কর্মকর্তারা অভিযোগ করেন, রাশিয়ায় রকেট ও কামানের গোলা পাঠাচ্ছে উত্তর কোরিয়া।
ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে আরও বলা হয়েছে, উত্তর কোরিয়া সম্প্রতি ক্রিপ্টোকারেন্সি চুরির বড় ঘটনা ঘটিয়েছে। দেশটি ক্রিপ্টোকারেন্সি বিনিময় প্ল্যাটফর্ম বাইন্যান্স থেকে ৬ বিলিয়ন ডলারের বেশি মূল্যের সম্পদ চুরি করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।