বিপদে মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব: জুবাইদা রহমান

জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রী তারেক রহমানের সহধর্মিণী ডা. জুবাইদা রহমান বলেছেন, দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। একটি মানবিক ও উন্নয়নমুখী বাংলাদেশ গড়ে তোলাই প্রধানমন্ত্রী তারেক রহমান ও তাঁর সরকারের লক্ষ্য।
রোববার (২৩ নভেম্বর) রাজধানীর মহাখালী কমিউনিটি সেন্টারে দুস্থ ও অসহায় রোগীদের মধ্যে আর্থিক সহায়তার চেক বিতরণ অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
ডা. জুবাইদা রহমান বলেন, ‘তারেক রহমান ও তাঁর সরকার এমন একটি বাংলাদেশ গড়ে তুলতে চান, যে বাংলাদেশ হবে মানবিক ও উন্নয়নমুখী।’
বিপদে-আপদে মানুষের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে তিনি বলেন, ‘আমরা বিশ্বাস করি, বিপদে মানুষের পাশে থাকতে হবে। সব সময় মানুষের পাশে আছি, ভবিষ্যতেও থাকব, ইনশাআল্লাহ।’
তিনি আরও বলেন, ‘আমরা সকলে মিলে কাজ করব। আমাদের গর্বের দেশ, সবার আগে বাংলাদেশ।’
মানুষের কল্যাণে নিজেদের অঙ্গীকার তুলে ধরে ডা. জুবাইদা রহমান বলেন, ‘মানুষের জন্য মানুষ। আমার আগে আমরা, আমাদের আগে দেশ, ক্ষমতার আগে জনতা। সবার আগে বাংলাদেশ।’
অনুষ্ঠানে ঢাকা-১৭ আসনের গুলশান, বনানী, ভাষানটেক ও ক্যান্টনমেন্ট থানার মোট ১৬৫ জনকে আর্থিক সহায়তার চেক দেওয়া হয়। তাঁদের মধ্যে দুস্থ ১০৭ জন, মেধাবী শিক্ষার্থী দুজন, দুরারোগ্য ব্যাধিতে আক্রান্ত ১৬ জন এবং মা ও শিশুর জীবনমান উন্নয়নে সহায়তার জন্য ৪০ জন রয়েছেন।
ডা. জুবাইদা রহমান নিজ হাতে ১৬ জনের মধ্যে চেক ও নিমগাছের চারা বিতরণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা ও জিয়াউর রহমান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক অধ্যাপক ডা. ফরহাদ হালিম ডোনার, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. শাহ মুহাম্মদ আমান উল্লাহ, প্রধানমন্ত্রীর সহকারী একান্ত সচিব ও ঢাকা-১৭ আসনের প্রতিনিধি আব্দুর রহমান সানীসহ বিএনপির স্থানীয় নেতারা।