চার পেসার নিয়ে বাংলাদেশের একাদশ নির্বাচন সঠিক: মাকেতা

দক্ষিণ আফ্রিকার কন্ডিশন বিবেচনায় চার পেসার নিয়ে বাংলাদেশের একাদশ সাজানোর সিদ্ধান্তকে সঠিক মনে করছেন দলের সহকারী কোচ মালিবঙ্গয়ে মাকেতা। তাঁর মতে, সেঞ্চুরিয়নের উইকেটের গতি ও বাউন্স পেসারদের জন্য সহায়ক। তবে টেস্টের প্রথম দিনে বোলিং ও ফিল্ডিংয়ে প্রত্যাশা অনুযায়ী পারফর্ম করতে না পারায় হতাশ তিনি।
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে বিশেষজ্ঞ স্পিনার মেহেদী হাসান মিরাজকে বাইরে রেখে চার বিশেষজ্ঞ পেসার নিয়ে মাঠে নামে বাংলাদেশ। সেঞ্চুরিয়নের উইকেটের চরিত্র বিবেচনায় এই সিদ্ধান্তকে যৌক্তিক বলে মনে করেন মাকেতা।
তাঁর মতে, এই উইকেটে গতি ও বাউন্স থাকে। পাশাপাশি উইকেটে ফাটল তৈরি হলে পেসারদের জন্য বোলিং আরও সহজ হয়ে যায়।
এ প্রসঙ্গে মাকেতা বলেন, ‘অবশ্যই। এখানে চার পেসার নিয়ে খেলার সিদ্ধান্তটি সঠিক ছিল। কারণ এই উইকেটে গতি ও বাউন্স থাকে। উইকেটে যখন ফাটল তৈরি হয়, তখন পেসাররা আরও কার্যকর হয়ে ওঠেন। এসব বিবেচনা করেই সিদ্ধান্তটি নেওয়া হয়েছে।’
তবে প্রথম দিনে নিজেদের পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারেনি বাংলাদেশ। বিশেষ করে দিনের শেষভাগে বোলিং ও ফিল্ডিংয়ে সুযোগ কাজে লাগাতে না পারায় হতাশ মাকেতা। তাঁর বিশ্বাস, উইকেটের ঘাস কাজে লাগিয়ে পরদিন আরও ভালো বোলিং করতে পারবেন পেসাররা।
মাকেতা বলেন, ‘আজ আমরা হয়তো নিজেদের পরিকল্পনা অনুযায়ী বোলিং করতে পারিনি। তবে আমি নিশ্চিত, আগামীকাল চার পেসার নিয়ে আরও ভালোভাবে ফিরে আসব। উইকেটে যতটা ঘাস রয়েছে, তাতে আমরা বিশ্বাস করি, সঠিক জায়গায় বল ফেলতে পারলে পুরস্কার পাওয়া যাবে। তবে আজ সন্ধ্যায় বোলিং ও ফিল্ডিংয়ে যেভাবে দিনটি আমাদের হাতছাড়া হয়েছে, তা কিছুটা হতাশাজনক।’
প্রথম দিনের খেলায় তাওহিদ হৃদয়ের ক্যাচ মিসও আলোচনায় এসেছে। মাকেতার ধারণা, ক্যাচটি ধরার সময় হৃদয়ের মনোযোগ পুরোপুরি ফিল্ডিংয়ে ছিল না। নিজের ব্যাটিংয়ের ব্যর্থতা তখনো তাঁর মনে কাজ করছিল।
এ প্রসঙ্গে তিনি বলেন, ‘সম্ভবত ক্যাচটি আসার সময়ও হৃদয় মানসিকভাবে নিজের ব্যাটিংয়ের মধ্যেই ছিল। সে খুব ভালো ব্যাটিং করেছে। আমাদের বেশির ভাগ ব্যাটারের ফিল্ডিংয়েও ভুল হয়েছে। আমার মনে হয়, তারা তখনো নিজেদের ব্যাটিংয়ের ব্যর্থতা নিয়ে ভাবছিল। তবে এমনটা হওয়া গ্রহণযোগ্য নয়।’
হৃদয়ের ক্যাচ মিসের পরও বাংলাদেশের লক্ষ্য ছিল দিনের শেষভাগে অন্তত তিনটি উইকেট তুলে নেওয়া। কিন্তু সেই লক্ষ্য পূরণ হয়নি। মাকেতার মতে, ক্যাচ মিস খেলারই অংশ। তবে গুরুত্বপূর্ণ সময়ে মনোযোগ ধরে রাখতে না পারা দলের জন্য হতাশাজনক।
তিনি বলেন, ‘সবাই ক্যাচ মিস করে। যেমনটা বললাম, সম্ভবত হৃদয় তখনো নিজের ব্যাটিং এবং কোন শটটি খেলেছে, সেটি নিয়েই ভাবছিল। সে ওই মুহূর্তে পুরোপুরি মনোযোগী ছিল না। দলের জন্য বিষয়টি খুব হতাশাজনক, কারণ আমরা চেয়েছিলাম আজ অন্তত তাদের তিনটি উইকেট ফেলতে। কিন্তু সেটি সম্ভব হয়নি। এটাই ছিল আমাদের লক্ষ্য।’
দক্ষিণ আফ্রিকার কন্ডিশন সম্পর্কে খেলোয়াড়দের আগে থেকেই ধারণা দেওয়ার বিষয়েও কথা বলেছেন মাকেতা। তাঁর মতে, কোচেরা প্রয়োজনীয় তথ্য ও পরামর্শ দিতে পারেন। তবে মাঠে নেমে সেসব কাজে লাগিয়ে পারফর্ম করার দায়িত্ব খেলোয়াড়দেরই।
এ বিষয়ে তিনি বলেন, ‘আমার মনে হয়, বার্তাটি পৌঁছেছে। আপনি যত কথাই বলুন না কেন, দিন শেষে সবকিছু নির্ভর করে পারফরম্যান্সের ওপর। আপনার কাছে তথ্য থাকতে পারে, কিন্তু শেষ পর্যন্ত খেলোয়াড়দের মাঠে নেমে সেগুলো কাজে লাগাতে হবে এবং পারফর্ম করতে হবে। কোচ হিসেবে এর দায়িত্ব আমাদেরই নিতে হবে। আমাদের আরও ভালো করতে হবে।’