মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj

শীতে কি পিরিয়ডের ব্যথা বাড়ে, জেনে নিন কারণ

শীতে কি পিরিয়ডের ব্যথা বাড়ে, জেনে নিন কারণ
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

শীতের সময় পিরিয়ড বা মাসিকের ব্যথা কি আগের তুলনায় বেশি অনুভূত হয়? শীতকাল সরাসরি পিরিয়ডের ব্যথা বাড়ায়—এমন প্রমাণ নেই। তবে তাপমাত্রা কমার সঙ্গে দৈনন্দিন অভ্যাস ও জীবনযাপনে পরিবর্তন আসায় কিছু নারীর পেটে খিঁচুনি, কোমর ব্যথা ও পেট ফাঁপার মতো অস্বস্তি বেড়ে যেতে পারে।

ঠান্ডা আবহাওয়া কি পিরিয়ডের ব্যথা বাড়ায়?

চিকিৎসাবিজ্ঞানে পিরিয়ডের ব্যথাকে ডিসমেনোরিয়া বলা হয়। এ সময় জরায়ু তার ভেতরের আস্তরণ ঝরানোর জন্য সংকুচিত হয়। এই সংকোচন প্রোস্টাগ্ল্যান্ডিন নামের হরমোনসদৃশ পদার্থের প্রভাবে ঘটে। শরীরে প্রোস্টাগ্ল্যান্ডিনের মাত্রা বেশি হলে জরায়ুর সংকোচন তীব্র হতে পারে, ফলে ব্যথাও বাড়ে।

তবে ঠান্ডা আবহাওয়া সরাসরি প্রোস্টাগ্ল্যান্ডিনের মাত্রা বাড়ায় না বা জরায়ুর সংকোচন তীব্র করে না। বরং শীতকালে শারীরিক কার্যকলাপ, ঘুম, খাবার ও পানীয় গ্রহণের অভ্যাসে পরিবর্তন আসায় কারও কারও অস্বস্তি বেশি হতে পারে।

ঠান্ডায় পেশি শক্ত হয়ে যেতে পারে। বিশেষ করে দীর্ঘ সময় ঘরের ভেতরে বসে থাকলে বা শারীরিকভাবে নিষ্ক্রিয় থাকলে পেশির নমনীয়তা কমে যায়। এতে তলপেট ও পিঠের আগের অস্বস্তি আরও বেশি অনুভূত হতে পারে।

শারীরিক কার্যকলাপ কমে যাওয়া

শীতকালে অনেকেই ঘরের বাইরে কম বের হন এবং ব্যায়াম বা হাঁটাচলাও কমিয়ে দেন। শারীরিক নড়াচড়া কম হলে পেশি শক্ত হয়ে যেতে পারে, যা পিরিয়ডের সময় অস্বস্তি বাড়াতে পারে।

নিয়মিত হাঁটা, হালকা ব্যায়াম, স্ট্রেচিং ও যোগব্যায়াম শরীর সচল রাখতে সাহায্য করে। এসব অভ্যাস পিরিয়ডের ব্যথা কমাতেও সহায়ক হতে পারে।

শরীরে পানির ঘাটতি

শীতকালে গরমের তুলনায় তৃষ্ণা কম লাগায় অনেকেই পানি পান করেন কম। কিন্তু এ সময়ও শরীরের প্রয়োজন অনুযায়ী পানি পান করা জরুরি।

শরীরে পানির ঘাটতি হলে কোষ্ঠকাঠিন্য ও পেট ফাঁপার সমস্যা দেখা দিতে পারে। পিরিয়ডের সময় এসব সমস্যা তলপেটের অস্বস্তি আরও বাড়িয়ে দিতে পারে। তাই সারাদিন পর্যাপ্ত পানি পান করা প্রয়োজন।

ঠান্ডায় পেশি শক্ত হয়ে যাওয়া

ঠান্ডা আবহাওয়ায় পেশি শক্ত হয়ে যেতে পারে। বিশেষ করে যারা দীর্ঘ সময় বসে থাকেন বা শারীরিকভাবে কম সক্রিয়, তাঁদের ক্ষেত্রে এ সমস্যা বেশি হতে পারে। এর ফলে পিরিয়ডের সময় কোমর ও শ্রোণি অঞ্চলের ব্যথা আরও বেশি অনুভূত হতে পারে।

এ ধরনের অস্বস্তি কমাতে শরীর গরম রাখা, আরামদায়ক পোশাক পরা এবং তলপেটে গরম পানির ব্যাগ দিয়ে সেঁক দেওয়া যেতে পারে।

ঘুম ও মানসিক চাপে পরিবর্তন

শীতকালে দিনের আলো কম থাকা, দৈনন্দিন রুটিনে পরিবর্তন এবং বাইরের কার্যকলাপ কমে যাওয়ার প্রভাব ঘুম ও মেজাজের ওপর পড়তে পারে। পর্যাপ্ত ঘুম না হওয়া এবং মানসিক চাপ ব্যথা অনুভবের প্রক্রিয়াকে প্রভাবিত করতে পারে। ফলে পিরিয়ডের অস্বস্তি সামলানো কঠিন হয়ে ওঠে।

এ ক্ষেত্রে নিয়মিত ঘুমের সময়সূচি মেনে চলা, শারীরিকভাবে সক্রিয় থাকা এবং মানসিক চাপ কমাতে শিথিলায়ন কৌশল চর্চা করা উপকারী হতে পারে।

খাদ্যাভ্যাসে পরিবর্তন

শীতকালে অনেকের খাবারের তালিকায় ভাজাপোড়া, মিষ্টি ও উচ্চ ক্যালরিযুক্ত খাবারের পরিমাণ বেড়ে যায়। এসব খাবার বেশি খেলে কারও কারও পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য ও হজমের সমস্যা হতে পারে। পিরিয়ডের সময় এসব অস্বস্তি আরও প্রকট হতে পারে।

এ সময় ফল, শাকসবজি, শস্যদানা, বাদাম ও পর্যাপ্ত প্রোটিনসমৃদ্ধ সুষম খাবার খাওয়া ভালো। পাশাপাশি পর্যাপ্ত পানি পান ও নিয়মিত শারীরিক কার্যকলাপের অভ্যাস বজায় রাখলে পিরিয়ডের সময় শরীর ভালো রাখতে সহায়তা করে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন