জাহান্নামের আগুন থেকে বাঁচতে সূরা আলে ইমরানের বিশেষ দোয়া

পরকালীন জীবনে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি পাওয়া প্রতিটি মুমিনের অন্যতম আকাঙ্ক্ষা। দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী, আর আখিরাতের জীবন চিরস্থায়ী। তাই সচেতন মুমিনেরা দুনিয়ার সুখ-সমৃদ্ধি ও বিপদমুক্তির পাশাপাশি পরকালের কঠিন শাস্তি থেকে রক্ষা পেতেও আল্লাহর কাছে প্রার্থনা করেন।
পবিত্র কোরআনে এমন কিছু মুমিনের কথা তুলে ধরা হয়েছে, যাঁরা দাঁড়িয়ে, বসে ও শুয়ে—সব অবস্থায় আল্লাহকে স্মরণ করেন। তাঁরা আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টি নিয়ে গভীরভাবে চিন্তা করেন। আল্লাহর সৃষ্টিতে কোনো উদ্দেশ্যহীনতা নেই—এই উপলব্ধি তাঁদের মনে আখিরাতের জবাবদিহির অনুভূতি জাগিয়ে তোলে। নিজেদের আমলের কথা স্মরণ করে তাঁরা আল্লাহর কাছে জাহান্নামের শাস্তি থেকে মুক্তি চান।
সূরা আলে ইমরানের ১৯১ ও ১৯২ নম্বর আয়াতে এমন একটি দোয়ার কথা উল্লেখ করা হয়েছে। এতে আল্লাহর মহত্ত্বের স্বীকৃতি, তাঁর সৃষ্টির প্রতি গভীর উপলব্ধি এবং জাহান্নামের আগুন থেকে রক্ষা পাওয়ার আকুতি প্রকাশ পেয়েছে। দোয়াটি মুমিনকে পরকালমুখী জীবন গঠনের পাশাপাশি আল্লাহর কাছে ক্ষমা ও নিরাপত্তা প্রার্থনায় অনুপ্রাণিত করে।
দোয়ার আরবি:
رَبَّنَا مَا خَلَقْتَ هَـٰذَا بَـٰطِلًا سُبْحَـٰنَكَ فَقِنَا عَذَابَ ٱلنَّارِ رَبَّنَآ إِنَّكَ مَن تُدْخِلِ ٱلنَّارَ فَقَدْ أَخْزَيْتَهُۥ ۖ وَمَا لِلظَّـٰلِمِينَ مِنْ أَنصَارٍ
উচ্চারণ: রাব্বানা মা খালাকতা হাযা বাতিলা। সুবহানাকা ফাকিনা আযাবান নার। রাব্বানা ইন্নাকা মান তুদখিলিন নারা ফাকাদ আখজাইতাহু। ওয়া মা লিজ জালিমিনা মিন আনসার।
অর্থ: হে আমাদের প্রতিপালক! তুমি এসব অনর্থক সৃষ্টি করনি। তোমার পবিত্রতা বর্ণনা করছি। সুতরাং আমাদের জাহান্নামের শাস্তি থেকে রক্ষা করো। হে আমাদের প্রতিপালক! তুমি যাকে আগুনে নিক্ষেপ করবে, তাকে অবশ্যই অপমানিত করবে। আর জালিমদের কোনো সাহায্যকারী নেই। (সূরা আলে ইমরান, আয়াত ১৯১-১৯২)