ছিনতাইয়ের নেটওয়ার্ক গুঁড়িয়ে জননিরাপত্তা নিশ্চিত করতে হবে

রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পকে কেন্দ্র করে অপরাধ কর্মকাণ্ডের অভিযোগ দীর্ঘদিনের। বিভিন্ন সময়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান, নজরদারি ও নানা উদ্যোগের কথা শোনা গেলেও পরিস্থিতির প্রত্যাশিত উন্নতি হয়নি। বরং সাম্প্রতিক সময়ে ক্যাম্পসংলগ্ন এলাকায় ছিনতাই, পকেটমারি ও মোবাইল ফোন চুরির ঘটনা যেভাবে বাড়ছে, তা নগরবাসীর নিরাপত্তা নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি করেছে। রাজধানীর গুরুত্বপূর্ণ একটি এলাকায় সাধারণ মানুষ যদি নির্বিঘ্নে চলাচল করতে না পারেন, তবে তা কোনোভাবেই গ্রহণযোগ্য হতে পারে না।
সোমবার প্রকাশিত ‘জেনেভা ক্যাম্প ছিনতাই মোবাইলের সদর দপ্তর!’ শীর্ষক প্রতিবেদনে যে চিত্র উঠে এসেছে, তা উদ্বেগজনক। প্রতিবেদন অনুযায়ী, মিরপুর রোডের আড়ং মোড় থেকে শ্যামলী পর্যন্ত প্রায় দুই কিলোমিটার সড়কে ছিনতাইকারী ও ‘টানা পার্টি’র তৎপরতা বেড়েছে। মোহাম্মদপুর ও শেরেবাংলা নগর থানা এলাকায় প্রতিদিন গড়ে আটটি মোবাইল ফোন হারানোর ঘটনায় সাধারণ ডায়েরি (জিডি) হচ্ছে বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। হাসপাতাল, শিক্ষাপ্রতিষ্ঠান ও গুরুত্বপূর্ণ বাণিজ্যিক স্থাপনা ঘিরে মানুষের চলাচল বেশি থাকায় অপরাধীরা সেই সুযোগ কাজে লাগাচ্ছে।
বিশেষ করে হাসপাতাল এলাকায় দেশের বিভিন্ন প্রান্ত থেকে রোগী ও স্বজনেরা আসেন। চিকিৎসার চিন্তা, ব্যস্ততা ও অসহায়ত্বের মধ্যে থাকা এসব মানুষের কাছ থেকে মোবাইল ফোন বা ব্যাগ ছিনিয়ে নেওয়া সহজ হয়ে পড়ে অপরাধীদের জন্য। চলন্ত বাসের জানালা কিংবা রিকশায় থাকা যাত্রীর হাত থেকে মুহূর্তের মধ্যে ফোন ছিনিয়ে নেওয়ার মতো ঘটনা এখন আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। ছিনতাইয়ের সময় হ্যাঁচকা টানে প্রাণহানির ঘটনাও ঘটেছে। স্কুলশিক্ষিকাসহ একাধিক ব্যক্তির মৃত্যুর ঘটনা প্রমাণ করে, এসব অপরাধ শুধু সম্পদহানির মধ্যে সীমাবদ্ধ নেই; মানুষের জীবনও ঝুঁকির মুখে পড়ছে।
প্রতিবেদনে জেনেভা ক্যাম্পকেন্দ্রিক একাধিক চোরাই মোবাইল কেনাবেচার সিন্ডিকেট সক্রিয় থাকার অভিযোগও উঠে এসেছে। বলা হয়েছে, মাদকাসক্ত ছিনতাইকারীরা মাদকের অর্থ জোগাড় করতে মূল্যবান মোবাইল ফোন অল্প দামে এসব চক্রের কাছে বিক্রি করে। পরে সেগুলো স্থানীয় বাজারে বিক্রি কিংবা দেশের বাইরে পাচার করা হয়। আরও গুরুতর অভিযোগ হলো, চক্রের কথিত হোতারা ছিনতাইকারীদের আগাম অর্থ দিয়ে অপরাধে উৎসাহিত করে এবং গ্রেপ্তার হলে জামিনের ব্যবস্থাও করে। এসব অভিযোগের সত্যতা তদন্ত করে দেখা জরুরি। কারণ, চুরি বা ছিনতাইয়ের অপরাধীকে গ্রেপ্তার করলেই সমস্যার সমাধান হবে না; চোরাই পণ্যের ক্রেতা, সরবরাহকারী ও অর্থের জোগানদাতাদেরও আইনের আওতায় আনতে হবে।
এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। জেনেভা ক্যাম্পে বিভিন্ন সময়ে মাদকবিরোধী অভিযান পরিচালিত হলেও চোরাই মোবাইল কেনাবেচার নেটওয়ার্কের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা কতটা নেওয়া হয়েছে, তা খতিয়ে দেখা প্রয়োজন। কোনো এলাকায় নিয়মিত অপরাধ সংঘটিত হলে শুধু বিচ্ছিন্ন অভিযান চালিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা যায় না। প্রয়োজন গোয়েন্দা নজরদারি, অপরাধের ধরন ও নেটওয়ার্ক চিহ্নিত করা এবং ধারাবাহিক আইনগত ব্যবস্থা। অপরাধীদের পৃষ্ঠপোষকতা বা প্রভাবশালী মহলের সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে সেটিও নিরপেক্ষভাবে তদন্ত করতে হবে।
আমরা মনে করি, জেনেভা ক্যাম্পকে কেন্দ্র করে গড়ে ওঠা অপরাধ নেটওয়ার্ক ভাঙতে হলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সমন্বিত ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হবে। ক্যাম্প ও আশপাশের এলাকায় নিয়মিত টহল বাড়ানো, গুরুত্বপূর্ণ সড়ক ও হাসপাতালসংলগ্ন স্থানে নজরদারি জোরদার, সন্দেহভাজন চোরাই মোবাইল কেনাবেচার দোকান ও প্রতিষ্ঠানের কার্যক্রম যাচাই এবং ছিনতাইয়ের ঘটনায় দ্রুত ব্যবস্থা নেওয়া জরুরি। একই সঙ্গে চোরাই ফোনের বাজার বন্ধে মোবাইলের আইএমইআই নম্বর যাচাই ও অবৈধ কেনাবেচার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে হবে।
তবে অপরাধ দমনের নামে কোনো নির্দিষ্ট জনগোষ্ঠী বা এলাকার সব বাসিন্দাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা যাবে না। অপরাধে জড়িত ব্যক্তি ও চক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। পাশাপাশি মাদকাসক্তি নিরাময়, তরুণদের কর্মসংস্থান এবং ক্যাম্পের বাসিন্দাদের সামাজিক ও অর্থনৈতিক উন্নয়নের বিষয়েও দীর্ঘমেয়াদি উদ্যোগ প্রয়োজন। নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি অপরাধে জড়িয়ে পড়ার সামাজিক কারণগুলো মোকাবিলা করাও জরুরি।
রাজধানীর কোনো সড়ক, এলাকা কিংবা জনবহুল প্রতিষ্ঠান অপরাধীদের নিয়ন্ত্রণে চলে যেতে পারে না। সাধারণ মানুষের চলাচল, চিকিৎসা নেওয়া কিংবা কর্মস্থলে যাতায়াতের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব। তাই বিচ্ছিন্ন অভিযান নয়, অপরাধের শিকড় ও পৃষ্ঠপোষকতার নেটওয়ার্ক শনাক্ত করে তা ভেঙে দিতে হবে। জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় ছিনতাই-চুরির আতঙ্ক দূর করে স্বাভাবিক জনজীবন ফিরিয়ে আনতে কার্যকর প্রশাসনিক পদক্ষেপই এখন সময়ের দাবি।