কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের প্রতিযোগিতায় ‘বনলতা সেন’

ভারতের কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের পর এবার কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও জায়গা করে নিয়েছে বাংলাদেশের সিনেমা ‘বনলতা সেন’। নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের ছবিটি উৎসবের ৩২তম আসরের এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক) প্রতিযোগিতা বিভাগে নির্বাচিত হয়েছে।
আগামী ১৬ থেকে ২৩ ডিসেম্বর অনুষ্ঠিত হবে কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব। একই আসরের আন্তর্জাতিক প্রতিযোগিতা বিভাগে লড়বে বাংলাদেশের আরেক সিনেমা ‘দ্য ডিফিকাল্ট ব্রাইড’। এর আগে ১১ থেকে ১৮ ডিসেম্বর অনুষ্ঠেয় কেরালা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের মূল প্রতিযোগিতা বিভাগেও নির্বাচিত হয়েছে ‘বনলতা সেন’।
কবি জীবনানন্দ দাশের কবিতা ও কল্পনার জগৎ থেকে অনুপ্রাণিত হয়ে নির্মিত হয়েছে সিনেমাটি। কবির জীবনের বড় একটি সময় কেটেছে কলকাতায়। তাই শহরটিতে ছবিটির প্রদর্শনীকে বিশেষভাবে দেখছেন নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বল।
তিনি বলেন, জীবনানন্দ দাশের সাহিত্য ও স্মৃতির সঙ্গে কলকাতার মানুষের গভীর সম্পর্ক রয়েছে। সেখানকার দর্শকদের সামনে কবির কবিতা থেকে অনুপ্রাণিত চলচ্চিত্র তুলে ধরার সুযোগ তাঁদের জন্য আনন্দের। ছবিতে বনলতা সেনকে যেভাবে উপস্থাপন করা হয়েছে, কলকাতার বাঙালি দর্শক সেটি কীভাবে গ্রহণ করেন, তা দেখার অপেক্ষায় রয়েছেন তাঁরা।
এবারের উৎসবের এশিয়ান সিলেক্ট (নেটপ্যাক অ্যাওয়ার্ড) বিভাগে আটটি দেশ ও অঞ্চলের মোট নয়টি চলচ্চিত্র নির্বাচিত হয়েছে। এশিয়ার স্বতন্ত্র ধারার সিনেমাকে স্বীকৃতি দেওয়া এবং আন্তর্জাতিক অঙ্গনে পরিচিতি বাড়াতে কাজ করে নেটওয়ার্ক ফর দ্য প্রমোশন অব এশিয়ান সিনেমা (নেটপ্যাক)।
‘ঊনপঞ্চাশ বাতাস’-এর পর ‘বনলতা সেন’ মাসুদ হাসান উজ্জ্বলের দ্বিতীয় পূর্ণদৈর্ঘ্য চলচ্চিত্র। এতে বনলতা সেন চরিত্রে অভিনয় করেছেন মাসুমা রহমান নাবিলা। জীবনানন্দ দাশের ভূমিকায় খায়রুল বাসার এবং মহীন চরিত্রে রয়েছেন সোহেল মণ্ডল। আরও অভিনয় করেছেন নাজিবা বাশার, প্রিয়ন্তী উর্বী, রূপন্তী আকিদ, মাইমুনা ফেরদৌস মম ও শরীফ সিরাজ।
রেড অক্টোবর ফিল্মসের ব্যানারে নির্মিত ছবিটির প্রযোজক মাসুদ হাসান উজ্জ্বল। সরকারি অনুদানে নির্মিত সিনেমাটির সহপ্রযোজক গল্পরাজ্য ফিল্মসের আবু শাহেদ ইমন। চিত্রগ্রহণ করেছেন হৃদয় সরকার।