গান সংরক্ষণ ও সামাজিক কাজের লক্ষ্যে ‘জেমস ফাউন্ডেশন’

চার দশকের বেশি সময় ধরে সংগীতের জাদুতে মাতিয়ে রেখেছেন কয়েক প্রজন্মের শ্রোতাকে। দেশের রক সংগীতের জনপ্রিয় মুখ নগর বাউল জেমস এবার নিজের নামে ফাউন্ডেশন গড়ার উদ্যোগ নিয়েছেন। ‘জেমস ফাউন্ডেশন’ নামের এই প্রতিষ্ঠান থেকে তাঁর গান সংরক্ষণের পাশাপাশি বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনা রয়েছে।
জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বেশ কিছুদিন ধরেই ফাউন্ডেশন গঠনের পরিকল্পনা চলছিল। বর্তমানে প্রতিষ্ঠানটির নিবন্ধন প্রক্রিয়া চলছে। প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা শেষ করে নতুন বছরের শুরুতে ফাউন্ডেশনের ঘোষণা দেওয়ার পরিকল্পনা রয়েছে।
ফাউন্ডেশনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে রবিন ঠাকুর বলেন, দেশের মানুষ নগর বাউল জেমসকে যে ভালোবাসা দিয়েছেন, তার প্রতি দায়বদ্ধতা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। জেমসের গানগুলো যথাযথভাবে সংরক্ষণ করে ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার কাজ করবে ফাউন্ডেশন। পাশাপাশি দেশের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে।
তিনি আরও জানান, উদ্যোগটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে। নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে ফাউন্ডেশনের কার্যক্রম সম্পর্কে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।
আশির দশকের শুরুতে চট্টগ্রামে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে সংগীতজীবন শুরু করেন জেমস। ১৯৮৭ সালে প্রকাশিত হয় ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’। সময়ের সঙ্গে নিজের স্বতন্ত্র গায়কী ও পরিবেশনার মাধ্যমে তিনি হয়ে ওঠেন দেশের রক সংগীতের অন্যতম জনপ্রিয় শিল্পী। চার দশকের বেশি সময় পার করেও মঞ্চে তাঁর উপস্থিতি ও জনপ্রিয়তা অটুট রয়েছে।
নিজের সংগীতজীবন প্রসঙ্গে জেমস জানিয়েছেন, কোনো কিছু পাওয়ার প্রত্যাশা থেকে তিনি কখনো গান করেননি। ভালোবাসা, আবেগ ও নিজের ভেতরের তাগিদ থেকেই সংগীতচর্চা করেছেন। নতুন প্রজন্মের শিল্পীদের প্রতিও তাঁর পরামর্শ, কোনো প্রাপ্তির আশায় নয়, সংগীতের প্রতি ভালোবাসা থেকেই এ জগতে আসা উচিত।
বর্তমানে দেশ-বিদেশে বিভিন্ন স্টেজ শো নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন জেমস। দীর্ঘদিন নতুন অ্যালবাম প্রকাশ না হওয়ায় ভক্তদের মধ্যে নতুন গানের অপেক্ষা রয়েছে। এ বিষয়ে তিনি জানিয়েছেন, নতুন গান প্রকাশের পরিকল্পনা রয়েছে তাঁর। তবে টানা মঞ্চ পরিবেশনার ব্যস্ততায় সেভাবে সময় বের করতে পারছেন না।