রবিবার, ২৬ এপ্রিল ২০২৬
Natun Kagoj

অর্থনীতি পুনরুদ্ধারে ব্যবসায়ীদের সঙ্গে এনসিপির মতবিনিময়

অর্থনীতি পুনরুদ্ধারে ব্যবসায়ীদের সঙ্গে এনসিপির মতবিনিময়
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) শিল্প ও বাণিজ্য সেলের উদ্যোগে ব্যবসা খাতের নেতাদের সঙ্গে এক আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভার মূল প্রতিপাদ্য ছিল—‘বিলম্ব ব্যয়বহুল: কেন তাৎক্ষণিক অর্থনৈতিক সংস্কার অনিবার্য’।

শনিবার (২৫ এপ্রিল) বিকেলে রাজধানীর একটি হোটেলে এ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংসদ সদস্য ও এনসিপির সদস্যসচিব আখতার হোসেন। এছাড়া উপস্থিত ছিলেন দলের মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, যুগ্ম সদস্য সচিব ও সংসদ সদস্য অ্যাডভোকেট আবদুল্লাহ আল আমিনসহ কেন্দ্রীয় নেতারা।

যুগ্ম মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ্’র সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য দেন এফবিসিসিআই, বিজেএমইএ’র নেতারা এবং আবাসন ও নবায়নযোগ্য জ্বালানি খাতের উদ্যোক্তারা।

সভায় এনসিপির যুগ্ম সদস্য সচিব আলাউদ্দিন মোহাম্মদ স্বাগত বক্তব্য দেন। পরে যুগ্ম মুখ্য সমন্বয়ক আবদুল্লাহ আল ফয়সাল আলোচ্য বিষয়ের ওপর একটি কনসেপ্ট নোট উপস্থাপন করেন।

প্রধান অতিথির বক্তব্যে আখতার হোসেন বলেন, ব্যবসায়ী সমাজের মতামত এনসিপির অর্থনৈতিক নীতি প্রণয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

এ সময় নাসীরুদ্দীন পাটওয়ারী অভিযোগ করেন, বিএনপি সরকার সংস্কার প্রক্রিয়া বাধাগ্রস্ত করেছে এবং এ বিষয়ে ব্যবসায়ী সমাজকে সোচ্চার হওয়ার আহ্বান জানান।

অন্যান্য বক্তারাও দেশের অর্থনীতি পুনরুদ্ধারে দ্রুত সংস্কার কার্যক্রম বাস্তবায়নের ওপর জোর দেন। বিশেষ করে ব্যাংক খাতে অনিয়ম, ঋণখেলাপি সমস্যা এবং রাজস্ব ব্যবস্থার পুরোনো কাঠামোর সমালোচনা উঠে আসে।

ব্যবসায়ী নেতারা প্রাতিষ্ঠানিক সংস্কার এবং কর্মসংস্থান সৃষ্টিতে গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। গণঅভ্যুত্থানের প্রেক্ষাপটে অর্থনৈতিক পুনর্গঠনের প্রয়োজনীয়তার কথাও তুলে ধরা হয়।
সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মতবিনিময় সভাটি সমাপ্ত হয়।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন