উন্নত চিকিৎসায় সিঙ্গাপুরে, নিবিড় পরিচর্যায় মির্জা আব্বাস

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও প্রধানমন্ত্রী তারেক রহমানের রাজনৈতিক উপদেষ্টা মির্জা আব্বাসকে উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে নেওয়া হয়েছে। রোববার (১৫ মার্চ) বিকেলে তাকে এয়ার অ্যাম্বুলেন্সে করে ঢাকা থেকে সিঙ্গাপুর নেওয়া হয়।
বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম গণমাধ্যমকে জানান, প্রায় সাড়ে তিন ঘণ্টার ফ্লাইট শেষে স্থানীয় সময় বিকেলে মির্জা আব্বাস সিঙ্গাপুর পৌঁছান। বিমানবন্দর থেকে দ্রুত অ্যাম্বুলেন্সে করে তাকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালের নিউরো আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে নিউরো বিভাগে বিশেষজ্ঞ চিকিৎসকরা তার শারীরিক অবস্থা পর্যবেক্ষণ করছেন।
তিনি আরও জানান, দীর্ঘ ভ্রমণের পরও মির্জা আব্বাসের শারীরিক অবস্থায় কোনো জটিলতা দেখা যায়নি। বর্তমানে তিনি চিকিৎসকদের পর্যবেক্ষণে স্থিতিশীল অবস্থায় রয়েছেন।
এর আগে গত ১৩ মার্চ তার মস্তিষ্কে অস্ত্রোপচার করা হয়। প্রায় সাড়ে চার ঘণ্টা দীর্ঘ ওই অস্ত্রোপচারের পর তাকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে রাখা হয়েছিল।
এরও আগে গত ১১ মার্চ ইফতারের সময় হঠাৎ অসুস্থ হয়ে জ্ঞান হারালে তাকে রাজধানীর বসুন্ধরায় অবস্থিত এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে নিউরো বিশেষজ্ঞদের সমন্বয়ে গঠিত একটি মেডিকেল বোর্ডের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।
চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী আরও উন্নত চিকিৎসার প্রয়োজন হওয়ায় শেষ পর্যন্ত তাকে সিঙ্গাপুরে স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে সেখানেই তার চিকিৎসা চলছে এবং তার শারীরিক অবস্থার নিয়মিত পর্যবেক্ষণ করা হচ্ছে।