মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬
Natun Kagoj

নগর পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার

নগর পরিচ্ছন্নতাকর্মীদের জন্য প্রধানমন্ত্রীর বিশেষ ঈদ উপহার
ছবি : সংগৃহীত
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঈদুল ফিতরকে সামনে রেখে দেশের বিভিন্ন সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের জন্য বিশেষ আর্থিক সহায়তা ঘোষণা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশের ১২টি সিটি কর্পোরেশনের প্রত্যেক পরিচ্ছন্নতা কর্মীকে পাঁচ হাজার টাকা করে ঈদ উপহার দেওয়া হয়েছে।

রোববার (১৫ মার্চ) বিকেল সাড়ে তিনটায় জাতীয় সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে সংশ্লিষ্ট সিটি কর্পোরেশনগুলোর প্রতিনিধিদের হাতে এই সহায়তার চেক তুলে দেন তিনি। অনুষ্ঠানে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়রসহ অন্যান্য সিটি কর্পোরেশনের প্রশাসকদের কাছে এই অর্থ হস্তান্তর করা হয়।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, প্রতিমন্ত্রী মীর শাহে আলম এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন সহ বিভিন্ন সিটি কর্পোরেশনের প্রশাসকরা।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন জানান, ঈদুল ফিতর উপলক্ষে পরিচ্ছন্নতা কর্মীদের প্রতি সম্মান ও কৃতজ্ঞতা জানাতে এই আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

তিনি বলেন, দেশের শহরগুলোকে পরিষ্কার-পরিচ্ছন্ন ও বাসযোগ্য রাখতে পরিচ্ছন্নতা কর্মীরা প্রতিনিয়ত গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করছেন। তাদের এই নিরলস পরিশ্রমের স্বীকৃতি দিতেই সরকার এই উদ্যোগ নিয়েছে।

সরকার আশা করছে, প্রধানমন্ত্রীর এই সহায়তা পরিচ্ছন্নতা কর্মীদের পরিবারে ঈদের আনন্দ আরও বাড়িয়ে তুলবে। পাশাপাশি নগর সেবার সঙ্গে সম্পৃক্ত সকল কর্মীর কল্যাণে ভবিষ্যতেও বিভিন্ন মানবিক ও কল্যাণমূলক উদ্যোগ গ্রহণ অব্যাহত থাকবে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন