বায়ুদূষণে রাতে নাক বন্ধ হয় কেন, কী করবেন?

রাতে ভালোভাবে ঘুমিয়ে পড়ার পর হঠাৎ নাক বন্ধ হয়ে যাওয়ার অভিজ্ঞতা অনেকেরই আছে। বিশেষ করে রাতের শেষ ভাগে এক পাশের নাক বন্ধ হয়ে গেলে ঘুম ভেঙে যায়, শুরু হয় অস্বস্তি। এর পেছনে অন্যতম কারণ হতে পারে বায়ুদূষণ। বাতাসে থাকা ধোঁয়া, ধুলাবালি ও সূক্ষ্ম দূষিত কণা শুধু বাইরের পরিবেশেই সীমাবদ্ধ থাকে না; শ্বাস নেওয়ার সঙ্গে এগুলো নাকের ভেতরেও প্রবেশ করে।
বায়ুমান সূচক বা এয়ার কোয়ালিটি ইনডেক্স (AQI) বেশি হলে নাকের ভেতরের আবরণে প্রদাহ ও অস্বস্তি তৈরি হতে পারে। এতে নাক বন্ধ হওয়া, শুষ্কতা, হাঁচি, চুলকানি কিংবা নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যা দেখা দেয়। স্যালাইন দিয়ে নাক পরিষ্কার রাখা, মাস্ক ব্যবহার এবং দূষণের সংস্পর্শ কমানোর মাধ্যমে এসব উপসর্গ কিছুটা নিয়ন্ত্রণ করা যায়। তবে সমস্যা দীর্ঘস্থায়ী হলে নাক-কান-গলা (ইএনটি) বিশেষজ্ঞের পরামর্শ নেওয়া জরুরি।
নাকই প্রথম আক্রান্ত হয়
বায়ুদূষণের সংস্পর্শে এলে নাকই প্রথম প্রতিরোধের কাজ শুরু করে। নাকের ভেতরের আবরণ শ্বাসতন্ত্রের প্রবেশপথ হিসেবে কাজ করে। এটি ধুলাবালি ও অন্যান্য ক্ষতিকর কণা ফুসফুসে পৌঁছানোর আগেই আটকে দিতে সাহায্য করে। কিন্তু বাতাসে দূষণের মাত্রা বেড়ে গেলে নাকের এই স্বাভাবিক প্রতিরক্ষা ব্যবস্থার ওপর চাপ পড়ে।
সূক্ষ্ম দূষিত কণা কী ক্ষতি করে?
বায়ুদূষণের অন্যতম উপাদান হলো পিএম২.৫ ও পিএম১০। এসব সূক্ষ্ম কণা শ্বাস নেওয়ার সময় নাকের স্বাভাবিক প্রতিরক্ষা অতিক্রম করে শ্বাসতন্ত্রের গভীরে প্রবেশ করতে পারে।
যুক্তরাষ্ট্রের পরিবেশ সুরক্ষা সংস্থা ইউএস এনভায়রনমেন্টাল প্রোটেকশন এজেন্সির (ইপিএ) তথ্য অনুযায়ী, এসব কণা শ্বাসের সঙ্গে শরীরের গভীরে পৌঁছাতে পারে। নাকের ভেতরে প্রবেশের পর এগুলো টিস্যুতে প্রদাহ সৃষ্টি করতে পারে। এতে নাকের আবরণ ফুলে যায় এবং শ্লেষ্মা বা মিউকাসের নিঃসরণ বেড়ে যায়। ফলে নাক বন্ধ হওয়া কিংবা নাক দিয়ে পানি পড়ার মতো সমস্যা দেখা দেয়।
এর সঙ্গে হাঁচি, চুলকানি, নাকের ভেতর শুষ্কতা ও জ্বালাপোড়াও হতে পারে। সাধারণত দূষণমুক্ত পরিবেশে গেলে এসব উপসর্গ কমে আসে। তবে যাঁদের অ্যালার্জি রয়েছে বা নাক বেশি সংবেদনশীল, তাঁদের ক্ষেত্রে সমস্যা দীর্ঘস্থায়ী হতে পারে। রাতে উপসর্গের তীব্রতা বেশি অনুভূত হওয়ারও আশঙ্কা থাকে।
শুধু নাক বন্ধ হওয়াই সমস্যা নয়
নাক বন্ধ হয়ে যাওয়া এবং নাকের ভেতরে প্রদাহ বা অস্বস্তি তৈরি হওয়া এক বিষয় নয়। দীর্ঘ সময় বা বারবার দূষণের সংস্পর্শে এলে নাকের ভেতরের আবরণ শুষ্ক ও সংবেদনশীল হয়ে পড়তে পারে। কখনো এতে ক্ষতও তৈরি হতে পারে।
এ ধরনের অস্বস্তি কমাতে পর্যাপ্ত পানি পান করা এবং স্যালাইন দিয়ে নাক পরিষ্কার রাখা সহায়ক হতে পারে। কিছু ক্ষেত্রে চিকিৎসকের পরামর্শে নেজাল স্প্রে ব্যবহার করা হয়। নির্দিষ্ট কিছু স্প্রের একটি উপাদান নাক বন্ধ ভাব কমাতে এবং অন্য উপাদানটি নাকের ভেতরের আবরণ আর্দ্র ও আরামদায়ক রাখতে সাহায্য করতে পারে। তবে কোন স্প্রে ব্যবহার করতে হবে, তা উপসর্গ ও শারীরিক অবস্থা বিবেচনায় চিকিৎসকের পরামর্শে ঠিক করা উচিত।
স্প্রে একাই সমাধান নয়
নেজাল স্প্রে নাক বন্ধ হওয়া বা অস্বস্তির মতো উপসর্গ কমাতে সহায়তা করতে পারে। তবে এটি বায়ুদূষণ থেকে সুরক্ষা দেয় না কিংবা দূষণের সব ধরনের ক্ষতি প্রতিরোধ করতে পারে না। তাই ওষুধ ব্যবহারের পাশাপাশি দূষণের সংস্পর্শ কমানো জরুরি।
এ জন্য কয়েকটি পদক্ষেপ নেওয়া যেতে পারে:
বায়ুমান সূচক বেশি থাকলে বাইরে হাঁটাচলা ও ব্যায়াম এড়িয়ে চলুন।
বাইরে গেলে ভালোভাবে মুখে এঁটে থাকে এমন উপযুক্ত মাস্ক ব্যবহার করুন।
ঘরের জানালা বন্ধ রাখুন, বিশেষ করে বাইরে দূষণের মাত্রা বেশি থাকলে।
ব্যস্ত সড়ক, ধোঁয়া ও ধুলাবালিযুক্ত এলাকা এড়িয়ে চলুন।
সিগারেটের ধোঁয়া ও তীব্র সুগন্ধি থেকে দূরে থাকুন।
নাক বন্ধ করার জন্য ব্যবহৃত ডিকনজেস্ট্যান্ট স্প্রে নির্দেশনা অনুযায়ী ব্যবহার করুন। চিকিৎসকের পরামর্শ ছাড়া টানা সাত দিনের বেশি ব্যবহার করবেন না।
কখন বিশেষজ্ঞের পরামর্শ নেবেন?
বায়ুদূষণের কারণে নাক বন্ধ হওয়া বা অস্বস্তি সাধারণত দূষণের সংস্পর্শ কমানো ও প্রয়োজনীয় যত্নে নিয়ন্ত্রণে আসতে পারে। তবে সমস্যা দীর্ঘস্থায়ী হলে, বারবার ফিরে এলে কিংবা ঘুমে ব্যাঘাত ঘটালে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।
কারণ, নাক বন্ধ হওয়ার পেছনে শুধু বায়ুদূষণ নয়, অ্যালার্জি বা নাকের গঠনগত সমস্যাও থাকতে পারে। প্রয়োজনীয় পরীক্ষা করালে সমস্যার প্রকৃত কারণ শনাক্ত করা এবং সে অনুযায়ী চিকিৎসা নেওয়া সহজ হয়।