নুসরাতের বাড়িতে আগুনের ঘটনা তদন্তে জমি দখল ও ইদ্রিসকে ফাঁসানোর অভিযোগ

সংরক্ষিত আসনের সংসদ সদস্য ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা তদন্তের মধ্যে তাঁর বাবার বিরুদ্ধে জমি দখল ও এক দরিদ্র ব্যক্তিকে হয়রানির অভিযোগ সামনে এসেছে। ইদ্রিস আলী নামের ওই ব্যক্তির জমি দখল এবং তাঁকে মিথ্যা মামলায় ফাঁসানোর অভিযোগের কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
শনিবার (১৪ নভেম্বর) রাতে নিজের ফেসবুক পোস্টে এসব অভিযোগ তুলে ধরেন তিনি।
রাশেদ খাঁনের ভাষ্য অনুযায়ী, গত ১২ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২টার দিকে নুসরাত তাবাসসুম কুষ্টিয়ার দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) ফোন করেন। এ সময় তিনি জানান, তাঁর বাড়ির আশপাশে আওয়ামী লীগের লোকজনের আনাগোনা এবং ‘জয় বাংলা’ স্লোগান শোনা যাচ্ছে। এতে তিনি নিরাপত্তাহীনতায় ভুগছেন।
খবর পেয়ে দৌলতপুর থানার ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা (আইও) সোহানুর রহমান পুলিশ দল নিয়ে নুসরাতের বাড়িতে যান। তবে আশপাশের লোকজনের সঙ্গে কথা বলে আওয়ামী লীগের লোকজনের আনাগোনা কিংবা স্লোগান দেওয়ার অভিযোগের সত্যতা পাওয়া যায়নি বলে দাবি করেন রাশেদ খাঁন।
তিনি আরও জানান, ওই সময় নুসরাত তাবাসসুম পুলিশকে মো. ইদ্রিস আলীর বিষয়ে সন্দেহের কথা বলেন। তাঁকে গ্রেপ্তার করলে অনেক তথ্য পাওয়া যেতে পারে বলেও মন্তব্য করেন। এরপর পুলিশ ইদ্রিস আলী সম্পর্কে খোঁজখবর নেওয়া শুরু করে। এ তথ্য তাঁর কাছে পৌঁছালে অতীতের মতো আবারও ফাঁসানোর আশঙ্কা করেন ইদ্রিস আলী।
রাশেদ খাঁনের দাবি, এ পরিস্থিতিতে শনিবার সকালে ইদ্রিস আলী দৌলতপুর থানায় নুসরাত তাবাসসুমের বাবা মো. আবদুল হালিমকে বিবাদী করে একটি মামলা করেন। এতে বাড়িঘর ভাঙচুর ও জমি দখলের অভিযোগ আনা হয়েছে।
ফেসবুক পোস্টে ইদ্রিস আলীর সঙ্গে নুসরাতের পরিবারের পুরোনো জমি বিরোধের বিবরণও তুলে ধরেন রাশেদ খাঁন। তাঁর দাবি, দৌলতপুরের বাগোয়ান গ্রামের বাসিন্দা ইদ্রিস আলী প্রায় পাঁচ বছর আগে আবদুল হালিমের দুই ভাইয়ের কাছ থেকে সোয়া চার কাঠা জমি কেনেন। জমিটি নুসরাত তাবাসসুমের পৈতৃক বাড়ির পাশেই। জমির দখল বুঝে নিয়ে সেখানে বসতভিটা তৈরি করে বসবাস শুরু করেন ইদ্রিস।
রাশেদ খাঁনের অভিযোগ, ২০২৫ সালের ১৩ সেপ্টেম্বর অন্তর্বর্তী সরকারের সময় আবদুল হালিম ওই জমি দখলের উদ্দেশ্যে ইদ্রিস আলীর বসতভিটায় হামলা চালিয়ে বাড়িঘর ভাঙচুর করেন। পরে উল্টো ইদ্রিস আলীর বিরুদ্ধে মামলা করে তাঁকে কারাগারে পাঠানো হয়।
এ ঘটনায় নুসরাত তাবাসসুমের প্রভাব ব্যবহার করে তাঁর বাবা ইদ্রিস আলীকে হুমকি দিয়েছিলেন বলেও অভিযোগ করেন রাশেদ খাঁন। তাঁর ভাষ্য, অস্ত্র মামলায় জড়িয়ে কারাগারে পাঠানোর ভয় দেখানো হলে ইদ্রিস আলী শ্বশুরবাড়িতে চলে যান। পরে তাঁর জমি দখল করা হয়। বসতভিটা হারানোর পর ইদ্রিস আলী স্ট্রোক করেন এবং বর্তমানে অসুস্থ ও অসহায় অবস্থায় দিন কাটাচ্ছেন বলে দাবি করেন তিনি।
রাশেদ খাঁনের ফেসবুক পোস্টে এসব অভিযোগ তুলে ধরা হলেও এ বিষয়ে নুসরাত তাবাসসুম বা তাঁর বাবা আবদুল হালিমের বক্তব্য পাওয়া যায়নি।