ঢাকার বাতাসের মান ‘খুবই অস্বাস্থ্যকর’, দূষণে শীর্ষে লাহোর

বিশ্বের দূষিত বায়ুর শহরের তালিকায় আজ তৃতীয় অবস্থানে রয়েছে রাজধানী ঢাকা। সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রতিষ্ঠান আইকিউএয়ারের তথ্য অনুযায়ী, রোববার (১৫ নভেম্বর) সকাল ৮টার দিকে ঢাকার বায়ুমান সূচক (একিউআই) ছিল ২২১। এই স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে শ্রেণিবদ্ধ করা হয়েছে।
আইকিউএয়ারের তাৎক্ষণিক তালিকায় ২৫২ স্কোর নিয়ে বিশ্বের সবচেয়ে দূষিত বায়ুর শহর ছিল পাকিস্তানের লাহোর। ২৪৩ স্কোর নিয়ে দ্বিতীয় অবস্থানে ভারতের কলকাতা। অন্যদিকে, ১৭৬ স্কোর নিয়ে চতুর্থ স্থানে চীনের বেইজিং, ১৭৫ স্কোর নিয়ে পঞ্চম স্থানে ভারতের মুম্বাই এবং ১৭০ স্কোর নিয়ে ষষ্ঠ অবস্থানে ছিল ভিয়েতনামের রাজধানী হ্যানয়।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচকে শূন্য থেকে ৫০ স্কোর হলে বাতাসের মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি বা সহনীয়। ১০১ থেকে ১৫০ স্কোর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর। ১৫১ থেকে ২০০ স্কোর অস্বাস্থ্যকর হিসেবে গণ্য করা হয়।
এ ছাড়া ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি স্কোরকে ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে বিবেচনা করে আইকিউএয়ার।