পছন্দের গল্পের অপেক্ষায় একের পর এক সিনেমার প্রস্তাব ফিরিয়েছেন শ্রদ্ধা

বক্স অফিসে বড় সাফল্যের পর সাধারণত নতুন সিনেমার প্রস্তাব ও পারিশ্রমিক—দুটিই বাড়তে থাকে তারকাদের। বলিউড অভিনেত্রী শ্রদ্ধা কাপুরের ক্ষেত্রেও ঘটেছিল তেমনই। ‘স্ত্রী ২’ সিনেমার অভাবনীয় সাফল্যের পর একাধিক ছবিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। ছিল আকর্ষণীয় পারিশ্রমিকের প্রস্তাবও। কিন্তু অর্থ বা কাজের সুযোগের চেয়ে নিজের পছন্দের গল্পকেই বেশি গুরুত্ব দিয়েছেন এই অভিনেত্রী।
সম্প্রতি ইনস্টাগ্রামে ভক্তদের সঙ্গে প্রশ্নোত্তর পর্বে ক্যারিয়ারের সেই অভিজ্ঞতার কথা জানিয়েছেন শ্রদ্ধা। এক ভক্তের প্রশ্ন ছিল, তরুণীদের ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে তাঁর পরামর্শ কী?
জবাবে নিজের অভিজ্ঞতা তুলে ধরে শ্রদ্ধা জানান, ‘স্ত্রী ২’-এর সাফল্যের পর অনেক সিনেমায় অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন তিনি। পারিশ্রমিকও ছিল বেশ আকর্ষণীয়। কিন্তু মনের কথা শুনে সিদ্ধান্ত নিয়েছিলেন, পছন্দসই গল্প না পাওয়া পর্যন্ত নতুন কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হবেন না।
শ্রদ্ধার ভাষায়, ‘আমি নিজের অভিজ্ঞতা থেকেই বলব, ‘স্ত্রী ২’-এর পর আমাকে অনেক সিনেমার প্রস্তাব দেওয়া হয়েছিল। ভালো পারিশ্রমিকের প্রস্তাবও পেয়েছি। কিন্তু সিদ্ধান্ত নিয়েছিলাম, নিখুঁত একটি গল্প না পাওয়া পর্যন্ত কোনো সিনেমায় চুক্তিবদ্ধ হব না। আমার মন বলেছিল, এই ধৈর্য আমাকে ধরে রাখতে হবে। আমি সেটাই করেছি।’
অবশ্য অপেক্ষার সময়টা সহজ ছিল না বলে জানিয়েছেন অভিনেত্রী। নিজের পছন্দের কাজের জন্য অপেক্ষা করতে গিয়ে ধৈর্য ধরে রাখাটা কঠিন হলেও সিদ্ধান্ত থেকে সরে আসেননি তিনি। এখন পেছনে ফিরে সেই সিদ্ধান্ত নিয়ে গর্ববোধ করেন শ্রদ্ধা।
তরুণীদের উদ্দেশে পরামর্শ দিতে গিয়ে তিনি বলেন, ‘আপনি মন থেকে কোনো কিছু চাইলে সেটার জন্য অপেক্ষা করা কঠিন হয়ে পড়ে। কিন্তু এখন মনে হয়, অপেক্ষা করার সিদ্ধান্ত নিয়ে আমি গর্বিত। তাই বলব, নিজের মনের কথা শুনুন। কখনো কখনো পথটা কঠিন হতে পারে, কিন্তু শেষ পর্যন্ত তা সার্থক হয়।’
শ্রদ্ধার এই বক্তব্যে উঠে এসেছে ক্যারিয়ার গড়ার ক্ষেত্রে নিজের পছন্দ ও সিদ্ধান্তের প্রতি আস্থা রাখার গুরুত্ব। তাৎক্ষণিক সুযোগ কিংবা অর্থের প্রলোভনে না পড়ে কাঙ্ক্ষিত কাজের জন্য অপেক্ষা করাও যে সফলতার পথে একটি সচেতন সিদ্ধান্ত হতে পারে, সেই বার্তাই দিয়েছেন অভিনেত্রী।