‘দাসের মতো আচরণ করেছে’, পরিবারের বিরুদ্ধে ক্ষোভ ব্রিটনি স্পিয়ার্সের

পরিবারের সদস্যদের বিরুদ্ধে হয়রানি ও দাসের মতো আচরণ করার অভিযোগ তুলেছেন মার্কিন পপ তারকা ব্রিটনি স্পিয়ার্স। পরিবারের কাছ থেকে পাওয়া বিভিন্ন তিক্ত অভিজ্ঞতার কথা তুলে ধরে নিজের জন্য নতুন পরিবার খুঁজে নেওয়ার কথাও জানিয়েছেন তিনি।
সম্প্রতি নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে ‘আপটাউন গার্লস’ সিনেমার একটি স্থিরচিত্র প্রকাশ করে দীর্ঘ পোস্ট দেন ব্রিটনি। সেখানে পরিবারের সদস্যদের আচরণ নিয়ে ক্ষোভ প্রকাশ করেন এই গায়িকা।
পোস্টে ব্রিটনি লেখেন, ‘আমি নতুন পরিবার খুঁজে নেব! কোভিডের সময় লুইজিয়ানায় দুই সপ্তাহের সফরে গেলেও জেমি লিন আমাকে একবারের জন্যও আইভিকে কোলে নিতে দেয়নি। আর কেভিনের বাড়িতে সন্তানদের আনতে গেলে আমাকে বাথরুমও ব্যবহার করতে দেওয়া হতো না।’
পরিবারের সদস্যদের আচরণ নিয়ে আরও অভিযোগ করে তিনি লেখেন, ‘তারা আমার সঙ্গে দাসের মতো আচরণ করেছে। আমার আড়ালে তারা অনেক কিছু করেছে, যা গোপন রেখেছে। অথচ আমি শুধু বাবার জন্য কাজই করে গেছি। আমি নতুন পরিবার খুঁজে নেব।’
এর আগে সাম্প্রতিক একটি ভ্রমণের অভিজ্ঞতা নিয়েও সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেছিলেন ব্রিটনি। তাঁর অভিযোগ, আলোকচিত্রীদের ছবি তোলার প্রস্তুতির মধ্যে তাঁকে ইচ্ছাকৃতভাবে অপেক্ষায় রাখা হয়েছিল। পরে বাইরে নিয়ে যাওয়ার পুরো ঘটনাকে ‘বড় ধরনের পরিকল্পিত ফাঁদ’ বলে উল্লেখ করেন তিনি।
ওই পোস্টে আশপাশের মানুষদের ব্যঙ্গাত্মকভাবে ধন্যবাদ জানানোর পাশাপাশি নিজের খাবার ও নিরাপত্তা নিয়েও অসন্তোষ প্রকাশ করেন ব্রিটনি। তিনি লেখেন, ‘প্রতিদিন, প্রতিটি মুহূর্তে সত্যিকার অর্থে বোঝার চেষ্টা করুন, আমরা প্রত্যেকে কতটা ভালোবাসার মানুষ। এমন একটি দেশে, যেখানে মানবজাতির বিরুদ্ধে কেউ কখনো ষড়যন্ত্র করে না।’