মিরপুরে একা পেয়ে পুলিশ কনস্টেবলকে পিটিয়ে জখম, হাসপাতালে ভর্তি

রাজধানীর মিরপুরে আন্দোলনরত পোশাকশ্রমিকদের হামলায় মো. সাইমন নামের এক পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। তাঁকে রাজারবাগ পুলিশ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) বেলা ১১টার দিকে কালশী রোডে এ ঘটনা ঘটে। হামলার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে দেখা যায়, কয়েকজন ব্যক্তি এক পুলিশ সদস্যকে লাঠি দিয়ে মারধর করছেন। এ সময় কয়েকজন তাঁদের নিবৃত্ত করার চেষ্টা করেন।
পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জালাল উদ্দিন হামলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মিরপুর-১১ এলাকা থেকে শ্রমিকদের ধাওয়া দিয়ে ছত্রভঙ্গ করার পর তাঁরা কালশীর দিকে সরে যান। ওই সময় পল্লবী থানা থেকে কয়েকজন পুলিশ সদস্য মিরপুর-১১-এর দিকে যাচ্ছিলেন। পথে দলছুট অবস্থায় এক কনস্টেবলকে পেয়ে তাঁর ওপর হামলা চালানো হয়।
এর আগে সকাল ১০টার দিকে মিরপুর-১১ মেট্রোরেল স্টেশনের নিচে পোশাকশ্রমিকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়। এ সময় শ্রমিকেরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করেন। জবাবে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে। ঘটনাস্থল থেকে অন্তত চারজনকে আটক করে পুলিশ।