চার দিন গ্যাস বন্ধের খবর গুজব, সরবরাহ কমতে পারে: পেট্রোবাংলা

আগামী চার দিন দেশে গ্যাস সরবরাহ বন্ধ থাকবে—সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এমন খবরকে গুজব বলে জানিয়েছে বাংলাদেশ তেল, গ্যাস ও খনিজসম্পদ করপোরেশন (পেট্রোবাংলা)। সংস্থাটি বলছে, গ্যাস সরবরাহ বন্ধ হবে না। তবে এলএনজি টার্মিনালের রক্ষণাবেক্ষণকাজের কারণে আগামী চার দিন সরবরাহ কমে যেতে পারে। এতে কোনো কোনো এলাকায় সাময়িকভাবে গ্যাসের স্বল্পচাপ দেখা দিতে পারে।
মঙ্গলবার (৩ নভেম্বর) পেট্রোবাংলার উপমহাব্যবস্থাপক (জনসংযোগ) তারিকুল ইসলাম খান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দুটি এলএনজি টার্মিনালের একটিতে জরুরি রক্ষণাবেক্ষণকাজ চলছে। এ কারণে সামিট এলএনজি টার্মিনালের রিগ্যাসিফিকেশন কার্যক্রম বন্ধ রয়েছে।
এর প্রভাবে আগামী চার দিন দেশে দৈনিক গ্যাস সরবরাহ ২ হাজার ৫৭০ মিলিয়ন ঘনফুট থেকে কমে ২ হাজার ২৫০ মিলিয়ন ঘনফুটে নেমে আসতে পারে। ফলে কিছু এলাকায় সাময়িকভাবে গ্যাসের চাপ কম থাকতে পারে।
পেট্রোবাংলা আরও জানায়, একটি মহল বিভিন্ন সংবাদমাধ্যমের ফটোকার্ড তৈরি করে আগামী চার দিন গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করছে। সংস্থাটির দাবি, উদ্দেশ্যপ্রণোদিতভাবে এমন তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক সৃষ্টির চেষ্টা করা হচ্ছে।
এ পরিস্থিতিতে জনগণকে গ্যাস সরবরাহ বন্ধের খবর বিশ্বাস না করার এবং গুজবে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জানিয়েছে পেট্রোবাংলা।