বুধবার, ০৪ নভেম্বর ২০২৬
Natun Kagoj
শিরোনাম
  • নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১ হাজার ৮৬৬ মারধর-ভাঙচুরের মামলায় পরীমণির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা বাংলাদেশ-কসোভোর মধ্যে সংসদীয় সম্পর্ক জোরদারে গুরুত্ব দিলেন স্পিকার উপকূলীয় নিরাপত্তায় নৌবাহিনীর সঙ্গে আনসার-ভিডিপির যৌথ প্রশিক্ষণ শুরু প্রবাসীদের মেধা ও বিনিয়োগ কাজে লাগিয়ে উন্নত বাংলাদেশ গড়তে হবে: প্রবাসী কল্যাণ মন্ত্রী চুল পড়া ও ভাঙন কমাতে মেনে চলুন ৮টি সহজ নিয়ম নিউইয়র্কের প্রথম ফিলিস্তিনি-আমেরিকান ও হিজাবি নারী সিনেটর অ্যাবার কাওয়াস মধ্যবর্তী নির্বাচনে ভরাডুবির পেছনে ইরান যুদ্ধের প্রভাব স্বীকার করলেন ট্রাম্প ডিবিসি কার্যালয় থেকে ইকবাল সোবহান চৌধুরীকে আটক
  • নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী

    নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধনে বৃহস্পতিবার খুলনা যাচ্ছেন প্রধানমন্ত্রী
    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    প্রধানমন্ত্রী তারেক রহমানের আগমন ঘিরে উৎসবের আমেজ বিরাজ করছে খুলনায়। বৃহস্পতিবার (৫ নভেম্বর) তাঁর সফরকে কেন্দ্র করে নগরজুড়ে নেওয়া হয়েছে নানা প্রস্তুতি। এদিন বিকেল ৩টায় খুলনা জেলা স্টেডিয়াম থেকে দেশের ৫০৩টি উপজেলায় একযোগে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

    প্রধানমন্ত্রীর সফর ঘিরে নগরীর বিভিন্ন সড়ক ও স্থাপনা সাজানো হয়েছে। রূপসার কুদির বটতলা থেকে খুলনা জেলা স্টেডিয়াম পর্যন্ত সড়কের দুই পাশে সাধারণ মানুষের উপস্থিতি থাকবে বলে আশা করা হচ্ছে। ফুলেল শুভেচ্ছায় প্রধানমন্ত্রীকে বরণ করে নিতে প্রস্তুতি নিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

    নগরীর বিভিন্ন দেয়ালে ফুটিয়ে তোলা হয়েছে সুন্দরবন, ঐতিহাসিক ষাটগম্বুজ মসজিদ ও মোংলা বন্দরের চিত্র। পাশাপাশি খুলনা অঞ্চলের বিজ্ঞানী, গুণী শিল্পী এবং স্থানীয় ইতিহাস-ঐতিহ্য নিয়ে আঁকা গ্রাফিতি নগরীর সৌন্দর্যে নতুন মাত্রা যোগ করেছে। সফর ঘিরে নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও দায়িত্ব পালন করছেন।

    এর আগে বুধবার দুপুরে খুলনা জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর দ্বিতীয় আসরের উদ্বোধন উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে জাতীয় সংসদের হুইপ রকিবুল ইসলাম বলেন, এ আয়োজনের মাধ্যমে তরুণদের ক্রীড়াকে পেশা হিসেবে বেছে নেওয়ার সুযোগ তৈরি হবে। যুবসমাজকে সঠিকভাবে পরিচালনা করতে পারলে তারা আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের পরিচিতি বাড়াতে পারবে।

    প্রধানমন্ত্রীর প্রথম খুলনা সফর ঘিরে স্থানীয় মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যাচ্ছে বলে জানান হুইপ। তিনি আশা প্রকাশ করেন, এ সফরের মধ্য দিয়ে খুলনার উন্নয়ন কার্যক্রমে নতুন গতি আসবে।

    রকিবুল ইসলাম বলেন, প্রধানমন্ত্রী ইতোমধ্যে বন্ধ কলকারখানা চালুর উদ্যোগ নিয়েছেন, যা শ্রমিকদের কর্মসংস্থানের সুযোগ তৈরি করেছে। খুলনা অঞ্চলে শিল্পায়ন, গ্যাস ও বিদ্যুৎ খাতের উন্নয়নেও পদক্ষেপ নেওয়া হয়েছে। মোংলা বন্দরের অগ্রগতির সঙ্গে এ অঞ্চলের সামগ্রিক উন্নয়ন জড়িত উল্লেখ করে তিনি বলেন, বন্দরটির আধুনিকায়নে প্রধানমন্ত্রী গুরুত্বপূর্ণ উদ্যোগ নিয়েছেন।

    একসময় খুলনা ‘স্পোর্টস সিটি’ হিসেবে পরিচিত ছিল উল্লেখ করে হুইপ বলেন, ক্রীড়াঙ্গনের সেই ঐতিহ্য ফিরিয়ে আনতে হবে।

    সংবাদ সম্মেলনে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আলম খান জানান, ‘নতুন কুঁড়ি’র দ্বিতীয় আসরে অংশ নিতে ইতোমধ্যে প্রায় ১৬ লাখ ২৩ হাজার অনলাইন নিবন্ধন হয়েছে। প্রথম আসরে নিবন্ধনের সংখ্যা ছিল ১ লাখ ৬৮ হাজার। এবারের আসরে ১০টি ইভেন্ট রাখা হয়েছে।

    তিনি আরও জানান, স্কুল-কলেজের মাঠের পাশাপাশি দেশের প্রতিটি ইউনিয়নে একটি করে খেলার মাঠ তৈরির উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছর এক হাজার ইউনিয়নে এ উদ্যোগ বাস্তবায়নের চেষ্টা চলছে। চলতি অর্থবছরে খুলনা বিভাগীয় স্টেডিয়ামের উন্নয়নকাজ শুরু করার আশাও প্রকাশ করেন তিনি। পাশাপাশি খুলনা জেলা স্টেডিয়ামের অবশিষ্ট অংশে গ্যালারি নির্মাণের উদ্যোগ নেওয়া হবে।

    সংবাদ সম্মেলনে খুলনা বিভাগীয় কমিশনার মো. আবদুল্লাহ হারুন, জেলা প্রশাসক হুরে জান্নাত, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষের (কেডিএ) চেয়ারম্যান এস এম শফিকুল আলম, মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল আলম তুহিন, প্রেসক্লাবের সভাপতি মোস্তফা সরোয়ার ও সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলামসহ বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

    এর আগে সকালে জেলা প্রশাসনের উদ্যোগে খুলনা কালেক্টরেট প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শোভাযাত্রাটি একই স্থানে এসে শেষ হয়। এতে হুইপ রকিবুল ইসলাম, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহফুজুল আলম খান, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, কেডিএর চেয়ারম্যান, সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, রাজনৈতিক দলের নেতা, শিক্ষক-শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।

    প্রধানমন্ত্রীর এ সফরকে ঘিরে খুলনাবাসীর প্রত্যাশা নগরীর অবকাঠামোগত উন্নয়ন, ক্রীড়াঙ্গনের বিকাশ এবং তরুণদের প্রতিভা বিকাশে নতুন উদ্যোগ বাস্তবায়িত হবে। বিশেষ করে ‘নতুন কুঁড়ি স্পোর্টস’-এর মাধ্যমে নতুন প্রজন্মের খেলোয়াড়দের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলবে বলে আশা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা।


    গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

    সর্বশেষ

    আরও পড়ুন