দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ে বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেওয়ার এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে পদ ছাড়তে হয়েছে কেটি জাচারিয়াকে। শুক্রবার ট্রাম্প প্রশাসনের দুই কর্মকর্তা তাঁর বিদায়ের বিষয়টি নিশ্চিত করেছেন। দায়িত্ব গ্রহণের পর তাঁর আইনি যোগ্যতা নিয়ে বিতর্ক এবং সংবাদমাধ্যমের সামনে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তৈরি হয়েছিল।
গত ১২ অক্টোবর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি হিসেবে দায়িত্ব নেন জাচারিয়া। পরদিনই প্রথম সংবাদ ব্রিফিংয়ে অংশ নেন তিনি। এর আগে ৭ অক্টোবর তাঁকে এ পদের প্রস্তাব দেওয়া হয়েছিল বলে জানান তিনি। ক্যারোলিন লেভিটের স্থলাভিষিক্ত হয়েছিলেন জাচারিয়া।
দায়িত্ব নেওয়ার পরপরই তাঁর আইন পেশায় কাজ করার দাবি নিয়ে প্রশ্ন ওঠে। ট্রাম্পও তাঁকে আইনজীবী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিলেন। তবে বুধবার এক ইমেইল বিবৃতিতে জাচারিয়া বলেন, তিনি আন্তর্জাতিক লেনদেনবিষয়ক আইন চর্চা করেছেন এবং এ ক্ষেত্রে তাঁর যথাযথ যোগ্যতা রয়েছে।
কিন্তু রয়টার্স এমন কোনো নথি খুঁজে পায়নি, যা থেকে প্রমাণিত হয় যে পেপারডাইন ইউনিভার্সিটি ল স্কুলের এই স্নাতক যুক্তরাষ্ট্রের কোনো অঙ্গরাজ্য বা ডিস্ট্রিক্ট অব কলম্বিয়ায় আইনজীবী হিসেবে নিবন্ধিত ছিলেন কিংবা কোনো বার অ্যাসোসিয়েশনের সদস্য ছিলেন।
বৃহস্পতিবার ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে জাচারিয়া স্বীকার করেন, তিনি বার পরীক্ষায় উত্তীর্ণ হতে পারেননি। যুক্তরাষ্ট্রে আইন বিষয়ে ডিগ্রি থাকলেই আইনজীবী হিসেবে কাজ করা যায় না; সংশ্লিষ্ট অঙ্গরাজ্যের বার অ্যাসোসিয়েশনে অন্তর্ভুক্তির শর্ত পূরণ করতে হয়।
শুক্রবার হোয়াইট হাউসে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ের সময় ট্রাম্প বলেন, দায়িত্ব নেওয়ার পর সংবাদমাধ্যমে কঠোর সমালোচনার মুখে পড়ায় তিনি জাচারিয়াকে নিজের অবস্থান পুনর্বিবেচনা করতে বলেছিলেন।
ট্রাম্প বলেন, তিনি জাচারিয়াকে জানিয়েছিলেন, এ ধরনের দায়িত্বে তিনি সুখী থাকতে পারবেন কি না, তা ভেবে দেখা উচিত। তাঁর ভাষ্য, নিজে এমন পরিস্থিতিতে পড়লে তিনিও বিষয়টি পুনর্বিবেচনা করতেন।
এ বিষয়ে মন্তব্য জানতে জাচারিয়া ও হোয়াইট হাউসে ইমেইল পাঠানো হলেও তাৎক্ষণিক কোনো জবাব পাওয়া যায়নি।
এদিকে ট্রাম্প প্রশাসনের সংবাদমাধ্যমের সঙ্গে যোগাযোগের কৌশল নিয়েও অসন্তোষের কথা জানা গেছে। বিষয়টি সম্পর্কে অবগত দুই ব্যক্তির ভাষ্যমতে, প্রশাসন নিয়ে সংবাদমাধ্যমের প্রচার-প্রচারণায় ট্রাম্প সন্তুষ্ট ছিলেন না। তাঁর অর্জনগুলো আরও জোরালোভাবে তুলে ধরতে পারবেন—এমন একজন মুখপাত্র খুঁজছিলেন তিনি। এ চিন্তা থেকেই জাচারিয়াকে নিয়োগ দেওয়া হয়েছিল বলে তাঁরা জানান।
শুক্রবার ফক্স নিউজকে টেলিফোনে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, নতুন প্রেস সেক্রেটারি নিয়োগের বিষয়ে তাঁর কোনো তাড়া নেই।
জাচারিয়ার দ্রুত বিদায়ের ফলে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি পদে দায়িত্ব পালনের সময়ের দিক থেকে তিনি সবচেয়ে স্বল্পমেয়াদি দায়িত্বধারীদের একজন হয়ে উঠেছেন। ট্রাম্পের প্রথম মেয়াদে মাত্র ১০ দিন যোগাযোগ পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছিলেন অ্যান্থনি স্কারামুচি। এত দিন পর্যন্ত ট্রাম্প প্রশাসনে স্বল্পতম সময় দায়িত্ব পালনের রেকর্ডটি তাঁরই ছিল।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে নিজের বিদায়ের প্রসঙ্গ টেনে স্কারামুচি লিখেছিলেন, “রেকর্ড তো ভাঙার জন্যই তৈরি হয়। তবে অন্যের কষ্টে আমি কোনো আনন্দ পাই না।”