দীর্ঘক্ষণ ল্যাপটপে কাজ করছেন? ঘাড় ও পিঠের ব্যথা এড়াতে মানুন ৩ নিয়ম

বয়স বাড়ার সঙ্গে হাড়ের ক্ষয়জনিত কারণে ঘাড় ও পিঠে ব্যথা হতে পারে। তবে এখন কম বয়সীদের মধ্যেও এ ধরনের সমস্যা দেখা যাচ্ছে। দীর্ঘক্ষণ কম্পিউটারে কাজ করা এবং ল্যাপটপ ব্যবহারের সময় ভুল ভঙ্গিতে বসাকে এর অন্যতম কারণ হিসেবে দেখছেন চিকিৎসকেরা।
ঘাড়ের প্রধান কাজ মাথাকে সঠিক অবস্থানে ধরে রাখা এবং তা ঘোরাতে সাহায্য করা। কিন্তু দীর্ঘ সময় ঘাড় নিচু করে বা একই ভঙ্গিতে বসে থাকলে ঘাড়, কাঁধ ও মাথায় ব্যথা হতে পারে। দীর্ঘদিন এমন অভ্যাস চলতে থাকলে ঘাড় ও মেরুদণ্ডের স্বাভাবিক গঠনেও প্রভাব পড়তে পারে।
ঘাড় ও পিঠের ব্যথা এড়াতে করণীয়
১. পর্দা রাখুন চোখের সমান উচ্চতায়: কম্পিউটার বা ল্যাপটপের স্ক্রিন এমনভাবে রাখুন, যাতে কাজ করার সময় ঘাড় নিচু করে তাকাতে না হয়। এতে ঘাড়ের ওপর অতিরিক্ত চাপ কমতে পারে।
২. বসার ভঙ্গি ঠিক রাখুন: পিঠ ও মেরুদণ্ড সোজা রেখে আরামদায়কভাবে বসুন। পা মেঝেতে সমতল রাখুন এবং দীর্ঘক্ষণ একই ভঙ্গিতে বসে থাকা এড়িয়ে চলুন।
৩. নিয়মিত বিরতি নিন: একটানা কাজ না করে প্রতি ৪০ থেকে ৪৫ মিনিট পর উঠে দাঁড়ান। এক-দুই মিনিট হাঁটুন এবং ঘাড় ও কাঁধে হালকা স্ট্রেচিং করুন। ব্যথা বাড়ে এমন কোনো ব্যায়াম করা উচিত নয়।
কখন চিকিৎসকের পরামর্শ নেবেন?
ঘাড়ের ব্যথা নিয়মিত হলে, ঘাড় ঘোরাতে অসুবিধা হলে কিংবা ব্যথার সঙ্গে ঘাড় ও কাঁধে অসাড়তা অনুভূত হলে চিকিৎসকের পরামর্শ নেওয়া জরুরি। ব্যথার সঙ্গে হাত দুর্বল হয়ে যাওয়া বা অসাড়তা বাড়তে থাকলে দ্রুত চিকিৎসা নিতে হবে।