শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
Natun Kagoj

ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি, ডিএমপিতে তিন পরিদর্শক বদলি

ক্যান্টনমেন্ট থানায় নতুন ওসি, ডিএমপিতে তিন পরিদর্শক বদলি
গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) তিন নিরস্ত্র পুলিশ পরিদর্শককে বদলি করে নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। এর মধ্যে মুহাম্মদ গিয়াস উদ্দিনকে ক্যান্টনমেন্ট থানার অফিসার ইনচার্জ (ওসি) হিসেবে পদায়ন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) ডিএমপির উপপুলিশ কমিশনার (সদর দপ্তর প্রশাসন) মো. শাহরিয়ার আলী স্বাক্ষরিত এক কার্যালয় আদেশে এ তথ্য জানানো হয়।

আদেশ অনুযায়ী, লাইনওআর ডিএমপিতে কর্মরত নিরস্ত্র পুলিশ পরিদর্শক মুহাম্মদ গিয়াস উদ্দিনকে ক্যান্টনমেন্ট থানার ওসি করা হয়েছে।

একই আদেশে লাইনওআর ডিএমপিতে থাকা নিরস্ত্র পুলিশ পরিদর্শক মো. আব্দুস সেলিমকে গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) হিসেবে বদলি করা হয়েছে।

অন্যদিকে, গুলশান থানার নিরস্ত্র পুলিশ পরিদর্শক (অপারেশন) মো. মিজানুর রহমানকে কাউন্টার টেরোরিজম ইনভেস্টিগেশন বিভাগে বদলি করা হয়েছে।

আদেশে বলা হয়েছে, জনস্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সংশ্লিষ্ট কর্মকর্তাদের উল্লেখিত কর্মস্থলে বদলি ও পদায়ন করা হয়েছে। এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

এর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া একটি অডিও রেকর্ডকে কেন্দ্র করে গত ১৭ সেপ্টেম্বর ক্যান্টনমেন্ট থানার তৎকালীন ওসি মো. রাকিবুল হাসানকে প্রত্যাহার (ক্লোজ) করা হয়। ওই রাতেই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছিল বলে জানা যায়।

জিজ্ঞাসাবাদের পর থেকে ক্যান্টনমেন্ট থানার সাবেক ওসি রাকিবুল হাসানের অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।


গুগল নিউজে (Google News) নতুন কাগজ’র খবর পেতে ফলো করুন

আরও পড়ুন