ধর্ষণের অভিযোগে লন্ডনের আদালতে বাংলাদেশি বংশোদ্ভূত ক্রিকেটার

বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ক্রিকেটার রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। আগামী ৯ অক্টোবর লন্ডনের ক্রাউন কোর্টে তাকে হাজির হতে বলা হয়েছে।
২৪ বছর বয়সী এই ডানহাতি ব্যাটারের বিরুদ্ধে গত ২৩ জুলাই অভিযোগ দুটি আনা হয়। এর আগে ২০২৪ সালের ৩০ মার্চ লন্ডনের ব্রিক্সটনে এক নারীকে ধর্ষণের অভিযোগের তদন্তে তাকে গ্রেপ্তার করা হয়েছিল। পরে তাকে ছেড়ে দেওয়া হয়।
মেট্রোপলিটন পুলিশের তথ্য অনুযায়ী, ওয়ালথাম ফরেস্টের কুইন্স রোডের বাসিন্দা রবিন দাসের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়েছে। পুলিশ জানিয়েছে, অভিযোগকারী নারী বর্তমানে বিশেষজ্ঞ কর্মকর্তাদের সহায়তা ও তত্ত্বাবধানে রয়েছেন।
অভিযোগ আনার পর থেকে ইংল্যান্ডের ঘরোয়া ক্রিকেটে আর মাঠে নামেননি রবিন। সর্বশেষ গত ২১ জুলাই ওয়ানডে কাপে এসেক্সের হয়ে খেলেন তিনি। ওই ম্যাচে ২৯ রান করার দুই দিন পর তার বিরুদ্ধে অভিযোগ আনা হয়।
কাউন্টি ক্রিকেটে এসেক্সের হয়ে এখন পর্যন্ত রবিন ৯টি প্রথম শ্রেণির ও ২৯টি লিস্ট ‘এ’ ম্যাচ খেলেছেন। ২০২০ সালে এসেক্সের হয়ে তার পেশাদার ক্রিকেটে অভিষেক হয়।
রবিনের বিরুদ্ধে অভিযোগের বিষয়ে এসেক্স কাউন্টি ক্রিকেট ক্লাব এক বিবৃতিতে জানিয়েছে, ক্লাবের সঙ্গে চুক্তিবদ্ধ একজন পুরুষ খেলোয়াড় সম্প্রতি ক্লাবের কার্যক্রমের বাইরে ঘটে যাওয়া একটি ঘটনার কারণে আদালতে হাজির হয়েছেন। তবে বিবৃতিতে খেলোয়াড়ের নাম উল্লেখ করা হয়নি।
সুনামগঞ্জে রবিনের পৈতৃক বাড়ি হলেও তার জন্ম ও বেড়ে ওঠা ইংল্যান্ডের লেটনস্টোনে। তার বাবা মৃদুল কান্তি দাস সুনামগঞ্জের নাগরিক। বাংলাদেশি বংশোদ্ভূত এই ক্রিকেটার ২০২৩ সালের বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) ঢাকা ডমিনেটর্সের হয়ে দুটি ম্যাচও খেলেছেন।
এর আগে রবিন জানিয়েছিলেন, তিনি বাংলাদেশের হয়ে নয়, ইংল্যান্ডের হয়েই ক্রিকেট ক্যারিয়ার এগিয়ে নিতে চান।
ধর্ষণের অভিযোগে ক্রিকেটারদের আইনি জটিলতায় জড়ানোর ঘটনা এর আগেও ঘটেছে। ২০১৭ সালে ওরচেস্টারশায়ারের সাবেক অলরাউন্ডার অ্যালেক্স হেপবার্নের বিরুদ্ধে ধর্ষণের দুটি অভিযোগ আনা হয়। ২০১৯ সালে তিনি দোষী সাব্যস্ত হন এবং পাঁচ বছরের কারাদণ্ড পান।
রবিন দাসের বিরুদ্ধে আনা অভিযোগের বিচার এখনো হয়নি। ফলে অভিযোগগুলো আদালতে প্রমাণিত না হওয়া পর্যন্ত তাকে দোষী হিসেবে গণ্য করা যায় না।